সরোয়ার হোসেন
নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। একজন মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হবেন, কর্মস্থলে যাবেন, ব্যবসা-বাণিজ্য করবেন, দিন শেষে নিরাপদে বাড়ি ফিরবেন, জানমালের হেফাজত হবে—এটুকু নিশ্চয়তা রাষ্ট্রের কাছে নাগরিকের পাওয়ার কথা। সেই নিরাপত্তার চরম ঘাটতি দেখা যাচ্ছে দেশে। একের পর এক হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মব, অপহরণ, চাঁদাবাজি, হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ ইত্যাদি অপরাধ নাগরিকের মৌলিক নিরাপত্তাবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাড়ছে উদ্বেগ। সম্প্রতি পুলিশি হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া বা পালিয়ে যাওয়া, পুলিশের সামনেই ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সার্বিকভাবে সাধারণ মানুষকে নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলা এসব ঘটনা বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বরং রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে হত্যা মামলা হয়েছে দুই হাজার ৬৫৯টি। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল দুই হাজার ৯১৩। সরকারি হিসাবে হত্যার মামলা কমেছে ২৫৪টি। একই সময়ে ডাকাতির মামলা ৫৩৮টি থেকে কমে ৩৮৭টি, দস্যুতার মামলা এক হাজার ৪৮৩টি থেকে কমে এক হাজার ৩৭৪টি এবং অপহরণের মামলা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে দাঁড়িয়েছে। সরকারি বিবেচনায় সাতটি ‘প্রধান অপরাধের’ সম্মিলিত হিসাবেও ২০২৬ সালের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ দশমিক ১ শতাংশ হ্রাসের তথ্য প্রকাশ করা হয়েছে। অপরাধ কমে থাকলে সেটি অবশ্যই ইতিবাচক। প্রশ্ন হচ্ছে, অপরাধের সামগ্রিক সংখ্যা কমার অর্থ কি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হওয়া? অপরাধের সংখ্যা কমলেও যদি একটি শহরে প্রকাশ্যে একের পর এক হত্যাকাণ্ড ঘটে, অপরাধীরা অস্ত্রের মহড়া দেয়, ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়ে মুখ খুলতে সাহস না পান, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক বলার অবকাশ কোথায়?
এখানেই সরকারি পরিসংখ্যানের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বিবেচনা করা প্রয়োজন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে দেশে অন্তত ৩৯৮টি সংঘবদ্ধ পিটুনির ঘটনায় ১৮৭ জন নিহত এবং ৪০১ জন আহত হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে সংঘবদ্ধ পিটুনিতে মৃত্যুর সংখ্যা ছিল ৬৩। একই প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার এক হাজার ১৩টি ঘটনায় ৭৩ জন নিহত এবং ছয় হাজার ৪৭৩ জন আহত হওয়ার তথ্য রয়েছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে কারাগারে অন্তত ৯৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৬১।
অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবরের পর্যবেক্ষণে ধর্ষণের শিকার ৫৬৭ জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ধর্ষণের পর ৪৮ জনকে হত্যা করা হয়েছে। চারজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। আসকের তথ্য অনুযায়ী, ধর্ষণের ঘটনায় ৪৫৯টি ক্ষেত্রে মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। অন্যগুলোর ক্ষেত্রে মামলা দায়েরের কোনো তথ্য পাওয়া যায়নি।
এইচআরএসএসের জানুয়ারি-সেপ্টেম্বরের হিসাবে ধর্ষণের শিকার অন্তত ৬৫৭ জন, যাদের ৩৯২ জনই অপ্রাপ্তবয়স্ক। এ সময়ে ১৩০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২৯ জন।
আসক ও এইচআরএসএসের পর্যবেক্ষণ নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোচনায় খুলনার প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করতে হয়। বিভাগীয় শহরটি দীর্ঘদিন অপরাধপ্রবণতা, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির সমস্যায় ভুগছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে হত্যাকাণ্ড, আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং অপরাধী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারের যে চিত্র উঠে এসেছে, তা ভয়াবহ।
গত ২৭ অক্টোবর একটি শীর্ষ গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় দশ মাসে খুলনা মহানগর ও জেলায় ৬৯টি হত্যা মামলা হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। নিহতদের মধ্যে ২৩ জন গুলিতে মারা গেছেন। মহানগর এলাকায় ৩৪টি ঘটনায় ৩৬ জন এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৩৫টি ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতি চার দিনে একটি করে হত্যা মামলা হয়েছে।
একই প্রতিবেদনে অন্তত ৩০টি হত্যাচেষ্টার ঘটনার তথ্য উঠে এসেছে। মাদক ব্যবসা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই, পূর্বশত্রুতা এবং অপরাধী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারকে এসব হত্যাকাণ্ডের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র। খুলনা মহানগরীতে সক্রিয় নয়টি অপরাধী গোষ্ঠীর নামও ওই প্রতিবেদনে এবং যশোর থেকে প্রকাশিত সুবর্ণভূমির একটি প্রতিবেদনে উঠে এসেছে। বিভিন্ন এলাকায় তাদের আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র ব্যবসা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ রয়েছে।
শুধু হত্যাকাণ্ড নয়, খুলনায় ভূমি দখল, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগও গুরুতর আকার ধারণ করেছে। সুবর্ণভূমিসহ একাধিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, খুলনা মহানগর পুলিশের তালিকায় ৬৯ জন চাঁদাবাজ ও ১৮১ জন অপরাধীর নাম রয়েছে। রেলওয়ের জমি, ঘাট, বাজারসংলগ্ন স্থান এবং উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খুলনায় ৭৬ একরের বেশি রেলভূমি অবৈধ দখলে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা সম্পাদক কুদরত-ই-খুদা মিডিয়ায় মন্তব্য করেছেন, পুলিশি নিষ্ক্রিয়তা ও প্রশাসনিক দুর্বলতার কারণে মাদক, দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে একটি অপরাধনির্ভর অর্থনীতি গড়ে উঠেছে। দেশের অন্যান্য স্থানেও অপরাধের ধরন উদ্বেগজনক। বিশেষ করে অপহরণ, সশস্ত্র ছিনতাই এবং পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা বর্তমানে আইন প্রয়োগে পুলিশি সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সে সময় রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে দায়িত্ব পালনের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে পুলিশকে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষায় ব্যবহার করার অভিযোগ ওঠে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ে রদবদল, বদলি ও পদায়ন হয়েছে। উচ্চপর্যায়ে পরিবর্তন এসেছে। কিন্তু শুধু পদ পরিবর্তন করলেই একটি বাহিনীর পেশাগত সংস্কৃতি, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হয় না। মাঠপর্যায়ে কার্যকর পুলিশিং প্রতিষ্ঠা না হলে প্রশাসনিক পুনর্বিন্যাসের সুফল সাধারণ মানুষ পাবে না।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহন ভাঙচুরের অভিযোগও সামনে আসছে। এসব ঘটনার প্রকৃত সংখ্যা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং রাজনৈতিক উদ্দেশ্য যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। বিদেশে অবস্থানরত কোনো নেতার কাছে ছবি বা ভিডিও পাঠানো হচ্ছে—এমন অভিযোগ থাকলে সেটিও প্রমাণসাপেক্ষে তদন্ত করতে হবে। তবে রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না। একইভাবে রাজনৈতিক বিরোধিতার কারণে নিরপরাধ কাউকে হয়রানি করার সুযোগও থাকা উচিত নয়।
নিরাপত্তাহীনতা শুধু অপরাধের পরিসংখ্যানের বিষয় নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, স্বাধীনভাবে চলাফেরা এবং রাষ্ট্রের প্রতি আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংঘবদ্ধ পিটুনিতে ১৮৭ জনের মৃত্যু, কারাগারে ৯৫ জনের বেশি বন্দীর মৃত্যু, ৪৯১টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের তথ্য এবং নারী ও শিশু নির্যাতনের চিত্র কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতির পরিচায়ক নয়। এসব ঘটনার প্রতিটির পেছনের কারণ ও দায় নির্ধারণে পৃথক তদন্ত প্রয়োজন। এগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা ও বিচারব্যবস্থার প্রতি জনআস্থার সংকটের গুরুত্ব বুঝিয়ে দেয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথমেই প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা। পুলিশকে ‘রাজনৈতিক দলের অনুগত বাহিনী’র খোলস থেকে বের করে সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ বাহিনীতে প্রতিষ্ঠিত করা।
অপরাধপ্রবণ এলাকাগুলোতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত, গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান পরিচালনা করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসার অর্থের উৎস শনাক্ত, চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং অপরাধীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়দাতাদের চিহ্নিত করা জরুরি। হত্যা, অপহরণ, ধর্ষণসহ অন্যান্য অপরাধের মামলাগুলোর তদন্ত দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। শুধু আসামি গ্রেপ্তার করাকে সাফল্য হিসেবে দেখলে চলবে না; মামলার অভিযোগপত্র, বিচার এবং দণ্ড কার্যকর পর্যন্ত অগ্রগতি নিশ্চিত করতে হবে। জামিনে বেরিয়ে অপরাধে পুনরায় জড়িত হওয়ার অভিযোগ থাকলে আইনের মধ্যে থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। পুলিশি হেফাজত থেকে আসামি পালানো, ছিনতাই কিংবা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু অপরাধ কমেছে বা বেড়েছে, এমন দাবি বা পরিসংখ্যান দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।
এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, একটি রাষ্ট্রের শক্তি শুধু ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা, উন্নয়ন প্রকল্প কিংবা প্রশাসনিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের প্রকৃত সক্ষমতা প্রকাশ পায় সাধারণ নাগরিক কতটা নিরাপদে বসবাস করতে পারছেন, তার ওপর। মানুষ যদি ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে রাষ্ট্রের অন্যান্য সাফল্যও তার কাছে অর্থহীন হয়ে পড়ে। ফলে নাগরিকের জান-মালের ন্যূনতম নিশ্চয়তা দেওয়াই সরকারের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাজনৈতিক পটপরিবর্তন কিংবা প্রশাসনিক রদবদল নাগরিকের জীবনে কোনো অর্থবহ পরিবর্তন আনতে পারবে না।
লেখক: বার্তাপ্রধান, সুবর্ণভূমি, সহসভাপতি, প্রেসক্লাব যশোর
১১ নভেম্বর ২০২৬