যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পীরের চোখে মুরিদের স্বপ্ন

মো. মিজানুর রহমান

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০১:০০ পিএম
পীরের চোখে মুরিদের স্বপ্ন

আমরা মানুষেরা স্বাধীনতা খুঁজি। কখন খুঁজি? যখন আমরা নিজেদেরকে পরাধীন মনে করি। যখন আমাদের বাস্তুতন্ত্রকে নিজেদের জন্য সংকীর্ণ মনে হয়। যখন আমরা বুঝি, আমাদের প্রত্যাশিত জীবনকে কেউ রোধ করছে। আমাদের প্রাপ্য অধিকার থেকে কেউ আমাদের বঞ্চিত করছে। আমাদের যাকিছু অর্জন তার সব অন্যের দখলে বা ভোগে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা জীবনযাপনে যখন কোনো একটি স্তরে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা শুধু নিয়ন্ত্রিত নই নির্যাতিত বা বঞ্চিত হচ্ছি তখন সেখান থেকে মুক্তিকেই আমরা স্বাধীনতা হিসেবে বিবেচনা করছি। আমরা স্বাধীনতা খুঁজছি। প্রশ্ন হচ্ছে আমরা কতটা স্বাধীন হতে চাই? আমাদের স্বাধীনতার আকারটা কেমন হবে? আদৌ কি স্বাধীনতার আকার হয়? আমাদের যা ইচ্ছা তাই করার অধিকারটাই কি স্বাধীনতা?

আমরা একটি মাছের স্বাধীনতা নিয়ে ভাবতে পারি। মাছের স্বাধীনতাকে আমরা তিনটি সাইজে ভাবতে পারি: ক) এক পুকুরসমান স্বাধীনতা, খ) এক নদীসমান স্বাধীনতা, গ) এক সমুদ্রসমান স্বাধীনতা। যে মাছ পুকুরে ছোট পরিসরে আছে সে নদী পর্যন্ত ভাবতে পারে, যে নদীতে আছে সে সমুদ্র পরিমাণ ভাবতে পারে। তাই বলে কি পুকুরের মাছ নদীতে, নদীর মাছ সমুদ্রে নিজেকে সামলাতে পারবে? পারবে না। পুকুরের মাছ বড় পুকুরে আরও স্বাধীন, নদীর মাছ আরও বড় নদীতে। প্রয়োজনে ইলিশের মতোও সমুদ্রের মাছ নদীতে এসে বংশবিস্তার করে যেতে পারে। কিন্তু পদ্মার কাতল নিশ্চয়ই সমুদ্রে যাবে না, তা সমুদ্র যত বড়ই হোক।

মানুষের স্বাধীনতার ক্ষেত্রেও এই তিন সাইজ। মানুষ হিসেবে আমরা যখন স্বাধীনতার স্বপ্ন দেখি তখন এই তিন সাইজের কোনটি আমাদের স্বপ্নের সেটা নির্ভর করে আমাদের বর্তমান অবস্থার ওপর। বর্তমানে আমরা যদি কুয়োর ব্যাঙ হই, আমাদের স্বপ্ন পুকুর পার হতে পারবে না। এটা যেমন সত্য, তেমন সত্য কুয়োর সংকীর্ণতার কথা জেনে আমরা যদি নদীর স্বাধীনতা খুঁজি তা বাস্তবসম্মত হবে না। ব্যাঙ কুয়ো থেকে নদীতে গিয়ে নিজেকে সামলাতেও পারবে না। সেখানে ব্যাঙ হবে কূলহারা। অর্থাৎ আমরা আমাদের বর্তমান অবস্থা বিবেচনা না করে, বর্তমান জীবনকে বিশ্লেষণ না করে স্বাধীনতা খুঁজতে গিয়ে যা ইচ্ছা তাই করবার স্বাধীনতা খুঁজি এবং স্বাধীনতার নামে অনেকটা বিশৃঙ্খল জীবনে প্রবেশ করি। শেষে অথই নদীতে নিজেদের হারিয়ে ফেলি। মাছের জীবনে মানুষের জীবনের মতো দুর্ভোগ আসে না। কারণ তারা নিজেদের চোখে যতটা দেখে ততটাই তারা ভাবতে পারে। মানুষের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। মানুষ নিজের চোখে যতটা দেখে তার অধিক দেখে অন্যের চোখে। প্রত্যেক স্থলচর প্রাণীকুলের মধ্যেই নেতা বা লিডার আছে। সকল প্রাণীই লিডারকে অনুসরণ করে এবং যেহেতু তাদের শুধু দৃষ্টি ব্যতীত বিবেক নামক বিষয়টি অনুপস্থিত, সেহেতু তারা অন্ধ অনুকরণ করতেই পারে। ভেড়া সামনেরটা যেদিক যায় পেছের সবগুলি সেদিক যায়। কিন্তু মানুষের বিবেক থাকা সত্ত্বেও তারা অন্ধ অনুকরণ করে।

মানুষ মানুষের জীবনাচার অনুসরণ করবে এটাই স্বাভাবিক। তবে বিপত্তিটা বাঁধে অন্ধ অনুকরণ বা অনুসরণে। মানুষ নিজের জীবনকে না জানায়, কোনটা তার প্রকৃত অভাব সেটা বুঝতে না পারায়, তার জীবনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা না থাকায় এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদিতে নজর না রেখে ছাপোষা জীবন কাটানোয় তাদের বিচারবুদ্ধি অন্যের কথায় প্রভাবিত হয়। বাংলাদেশের সাধারণ জনগণের একটি বড় অংশ শুধু বেঁচে থাকে। তারা ভালো থাকা বোঝে না; সুখ খোঁজে না; শুধু বেঁচে থাকাই তাদের সুখে থাকা; শুধু জীবন টিকিয়ে রাখাই তাদের ভালো থাকা। তাদের শুধু পেট, মুখ এবং হাত নিয়ে শরীর। হাতে কাজ করে, মুখে খায়; পেট ভরে জীবন চলে যায়। তারা অতি দরিদ্র শ্রেণি, তাদেরকে কেন্দ্র করেই মূলত তৃণমূল পর্যায়ের নেতৃত্ব গড়ে ওঠে। তারা ব্যক্তিকেন্দ্রিক ধার্মিক হয়ে থাকে, তাদের মধ্যে ধর্মীয় এলেম বা বিদ্যা পীরকেন্দ্রিক। পীরের বক্তব্যই তাদের ধর্মীয় বিধান। কারণ ধর্ম বিষয়ে লিখিত যত বিদ্যা আছে তার থেকে এরা যোজন যোজন দূরে থাকে এবং পীররা যতটা পারে প্রকৃত জ্ঞান হতে এদের দূরে রাখে। একইভাবে রাজনৈতিকভাবে এরা যাদের নেতা মানে তাদের ক্ষেত্রেও তাই। তাদেরকেও পীরের মর্যাদা দেয়। নেতা যা বলবে তাই সঠিক। এই শ্রেণি পরকাল সম্পর্কে পুঁথিগত কোনো বিদ্যা অর্জন না করায়, পীরের চোখেই পরকালের স্বপ্ন দেখে, পরকালের স্বর্গ/সুখ খোঁজে। পরকালের যত বাঁধা/বিপত্তি আছে তার বিষয়ে পীরও যতটা পারে জটিলভাবে উপস্থাপন শেষে দান, দক্ষিণা, ধৈর্য ও গরিবানাকে পরকালপ্রাপ্তির সহজ উপায় বলে গরিবানা হালে অসংখ্য মুরিদ টিকিয়ে রাখে এবং নিজেকে পীর হিসেবে জিইয়ে রাখে।

ঠিক তেমনই তৃণমূল পর্যায়ে মানুষের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি থাকায় তারা যাকে নেতা মানে তাকে পীরের মতো মেনে থাকে। তৃণমূল পর্যায়ের মানুষ যখন দিন এনে দিন খেয়েই জীবন যাচ্ছে, যখন তারা জীবন ওই রকমই মেনে নিয়েছে। তখন নেতা এসে বলছেন, ‘এ জীবন জীবন না। এ জীবন কষ্টের। এ জীবনে সুখ নেই। অথচ কত মানুষের জীবনে সুখ আছে। আমাদের জীবনে কেন থাকবে না? আমরাও সুখ চাই। আমরা বৈষম্য চাই না। আমরা স্বাধীনতা চাই। আমরা এই পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তি চাই।’ ছাপোষা মানুষগুলি সাতপাাঁচ না ভেবেই নেতার কথায় পরাধীন হয়ে পড়ে এবং মুক্তি চায়। স্বাধীন হতে চায় এবং নেতার কথায় অনেক ক্ষেত্রে নেতার স্বার্থে বিদ্রোহী হয়ে ওঠে। তৃণমূল জনগণকে বুঝে, তাদের দুর্বলতাকে খুঁজে নেতা তার নেতৃত্ব সাজিয়ে নিতে পারলেও তৃণমূলের জনগণ তার নেতাকে যাচাই করতে পারে না। তারা জানে না তাদের কতটা প্রয়োজন এবং কতটার জন্য তারা বিদ্রোহ করছে। যতটা চাচ্ছে তাতে জীবন যাচ্ছেতাই হয়ে উঠতে পারে—এটা তারা ভাবে না।

অর্থাৎ তারা কতটা পরাধীন তা যেমন এরা বুঝতে পারে না, ঠিক তেমনি স্বাধীনতা কতটা প্রয়োজন সেটাও এরা বুঝতে পারে না। শুধু নেতা বলেছে তাই বিদ্রোহ। যত রাজনৈতিক বিদ্রোহের নির্দেশনা আসে তার অধিকাংশই বাস্তবায়ন হয় এই তৃণমূল পর্যায়ের মানুষের দ্বারা, তৃণমূল পর্যায়ের নেতাদের দ্বারা। দিন শেষে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়, নেতা পরিবর্তন হয়, পীর পরিবর্তন হয়, পরিবর্তন হয় না শুধু ওই ছাপোষা মানুষগুলির ভাগ্যের। ওরা এক নেতার হাত হতে অন্য নেতার হাতে গিয়ে পড়ে। নতুন নেতার চোখে আবার স্বপ্ন দেখে, নতুন পীরের মুরিদ হয় এবং ধর্ম রক্ষার নামে পীরকে আজীবন রক্ষা করে যায়। যারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সচেতন নয় তারা নিজ চোখে উন্নয়নের স্বপ্ন দেখতে পারে না। তাদের সকল স্বপ্ন ওই নেতার চোখে। যে সকল ব্যক্তি নিজে ধর্মীয় জ্ঞান অর্জন করে না তারা মুরিদানা নিতে বাধ্য হয় এবং মুরিদের আখিরাত-সংক্রান্ত সকল স্বপ্ন পীরের চোখেই থেকে যায়।

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দূরীকরণে প্রান্তিক পর্যায়ের মানুষকে এখনই অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সমাজের প্রকৃত চিত্র যাতে সবার নজরে পড়ে সে জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে কেউ যেন কোনো ঘটনাকেই অতিরঞ্জিতরূপে উপস্থাপন করে সমাজকে প্রভাবিত করতে না পারে। সমাজকে তথা দেশকে অস্থিরতায় ফেলতে না পারে। সোশ্যাল মিডিয়াসহ সকল মিডিয়াতে এআই দিয়ে তৈরি করা ভিডিও প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে হবে। তৃণমূল পর্যায়ের মব সংস্কৃতিকে রোধ করতে হবে, ঘরে ঘরে ছড়িয়ে পড়া আতঙ্ককে দূর করতে হবে। যেন শুধু একজনের কথায়, মিথ্যা প্রচারে কারো প্রাণ না যায়, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে সে জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এতে করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের নেতা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বুঝতে পারবে; নেতার প্রকৃত উদ্দেশ্য জানতে পারবে; সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে, নিজের স্বপ্ন নিজে দেখতে শিখবে। ফলাফল হিসেবে নেতার নেতৃত্বগুণেও আমূল পরিবর্তন আসবে। সচেতন জনগণের নেতা হতে হলে নেতাকে আরও সচেতন হতে হবে। দেশ তৃণমূল হতেই সঠিক নেতৃত্বে চলতে শুরু করবে।

লেখক: কথাসাহিত্যিক
* মতামত লেখকের নিজস্ব

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন