সম্পাদকীয়
আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। নতুন ধান উঠছে, বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। অন্যদিকে বড় ব্যবসায়ী ও চালকল মালিকদের গুদামে রয়েছে পর্যাপ্ত মজুদ। সাধারণত নতুন ফসল বাজারে এলে চালের সরবরাহ বাড়ে এবং দাম নিম্নমুখী হয়। কিন্তু এবার বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। নতুন ধানের আগমনের মধ্যেও চালের বাজারে স্বস্তি নেই। বরং এক মাসের ব্যবধানে চিকন ও মাঝারি চালের ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। এই মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের, বিশেষ করে নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।
সুবর্ণভূমিতে প্রকাশিত যশোরের চালের বাজারবিষয়ক প্রতিবেদনটি এ পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। বড়বাজারের হাটচান্নি চালপট্টি ও পালবাড়ি বাজারে জাত ও মানভেদে প্রতি কেজি চাল ৪৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের দামও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে স্বস্তিদায়ক নয়। অন্যদিকে মিনিকেট, বাসমতি ও নাজিরশাইলের মতো চালের দাম অনেক বেশি। চাল যেহেতু বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই এর মূল্যবৃদ্ধি কেবল একটি পণ্যের বাজারদরের পরিবর্তন নয়; এটি সরাসরি মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার মানের সঙ্গে সম্পর্কিত।
প্রশ্ন হচ্ছে, নতুন ধান ওঠার পরও চালের দাম বাড়ছে কেন? ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, মিলগেটে চালের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ও অন্যান্য খাতেও বাড়তি খরচও যুক্ত হচ্ছে। এসব ব্যয়ের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন—প্রতিটি পর্যায়েই খরচের প্রভাব পড়ে চূড়ান্ত মূল্যে। কিন্তু এসব কারণ দেখিয়ে দাম যেভাবে বাড়ছে তা কতটা যৌক্তিক, খতিয়ে দেখা দরকার। বিশেষ করে গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজারে দাম বাড়ার বিষয়টি আরও বেশি অনুসন্ধানের দাবি রাখে।
চালের বাজারে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা, মিলমালিকদের মূল্য নির্ধারণের প্রক্রিয়া এবং পাইকারি ও খুচরা বাজারের ব্যবধানও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোথাও অযৌক্তিক মুনাফা, কৃত্রিম সংকট কিংবা অবৈধ মজুদদারি হচ্ছে কি না, তা নির্ধারণ ছাড়া বাজার পরিস্থিতির প্রকৃত কারণ জানা সম্ভব নয়। শুধু খুচরা বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে এ সমস্যার সমাধান হবে না। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহব্যবস্থার প্রতিটি স্তরে নজরদারি প্রয়োজন।
এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেবল আশ্বাস কিংবা মাঝেমধ্যে অভিযান পরিচালনা যথেষ্ট নয়। নিয়মিত বাজার তদারকি, মজুদের হিসাব যাচাই, ক্রয়-বিক্রয়ের রসিদ পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কৃষি ও খাদ্য বিভাগের সমন্বয়ে উৎপাদন, সরবরাহ ও মজুদের নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা প্রয়োজন।
এখানে কৃষকের স্বার্থের বিষয়টিও উপেক্ষা করা যাবে না। কৃষক যেন উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, আবার ভোক্তাকেও যেন অযৌক্তিক দামে চাল কিনতে না হয়—এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রয়োজনে সরকারি খাদ্যশস্য সংগ্রহ, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি এবং ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম জোরদার করতে হবে।
আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়ছে। ফলে পরিবারগুলোকে খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় সংকুচিত করতে হচ্ছে। চালের মতো মৌলিক খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এভাবে চলতে থাকলে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের জীবনেও সংকট আরও গভীর হবে।
বর্তমান বাজার পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার সুযোগ নেই। বাজারে পর্যাপ্ত সরবরাহ, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, চাল কেবল একটি বাণিজ্যিক পণ্য নয়, কোটি মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা রোধ করা তাই শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ন্যায়বিচার ও জনস্বার্থেরও প্রশ্ন।