সম্পাদকীয়
একটি সভ্য রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধ করলে আইনের বিধান অনুযায়ী শাস্তি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরও কাউকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা কোনোভাবেই ন্যায়বিচার কিংবা মানবিকতার পরিচয় হতে পারে না। যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা শেষ হওয়ার পরও ৪৪ জন ভারতীয় নাগরিকের বন্দীজীবন এবং যশোর জেনারেল হাসপাতালের মর্গে দুই ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে থাকার ঘটনা খুবই দুঃখজনক।
সুবর্ণভূমিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে আটক ৫১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৪৪ জনের সাজাভোগ শেষ হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী। অথচ প্রত্যাবাসনের অনুমোদন না মেলায় তারা দেশে ফিরতে পারছেন না। কারও কারও ক্ষেত্রে এই অপেক্ষা তিন থেকে ১৪ বছর পর্যন্ত দীর্ঘ হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় মাসের সাজা পাওয়া ভারতের উত্তরপ্রদেশের বাছুল মাঝিকে সাজা শেষে আরও আট বছর কারাগারে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত সেখানেই তার জীবনের অবসান ঘটেছে। মৃত্যুর পরও এক মাসের বেশি সময় ধরে তার মরদেহ পড়ে রয়েছে মর্গে। একই পরিণতি হয়েছে পশ্চিমবঙ্গের গাজী মণ্ডলের। গত ১৯ অক্টোবর তার মৃত্যুর পর মরদেহটিও এখনো দেশে পাঠানো সম্ভব হয়নি।
এ ঘটনা শুধু ভারত রাষ্ট্রের প্রশাসনিক দীর্ঘসূত্রতার উদাহরণ নয়, এটি মানবিক মূল্যবোধেরও চরম অবক্ষয়। অপরাধের দায়ে একজন ব্যক্তিকে আদালত নির্ধারিত সাজা ভোগ করতে হয়। কিন্তু সাজা শেষ হওয়ার পর তাকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখার যৌক্তিকতা কোথায়? একজন মানুষ তার অপরাধের জন্য আইন অনুযায়ী শাস্তি পেয়েছেন। সেই শাস্তি শেষ হওয়ার পরও যদি মুক্তি না মেলে, তাহলে আইনের শাসন ও ন্যায়বিচারের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হয়। বিশেষ করে নারী বন্দীদের দীর্ঘদিন আটকে থাকার বিষয়টি আরও উদ্বেগজনক।
এ ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজ দেশের নাগরিকদের দেখভাল করা, তাদের আইনি ও মানবিক অধিকার নিশ্চিত করতে সহযোগিতা করা এবং সাজা শেষে প্রত্যাবাসনের ব্যবস্থা করা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের পক্ষ থেকে বারবার যোগাযোগের পরও প্রত্যাশিত সাড়া না পাওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যও ইতিবাচক বার্তা বহন করে না। কূটনৈতিক সম্পর্কের প্রকৃত তাৎপর্য কেবল আনুষ্ঠানিক বৈঠক, বিবৃতি কিংবা উচ্চপর্যায়ের সফরে সীমাবদ্ধ থাকতে পারে না; সংকটে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই তার বাস্তব প্রতিফলন ঘটে।
একইভাবে মৃত দুই ভারতীয় নাগরিকের মরদেহ মর্গে পড়ে থাকার বিষয়টিও অত্যন্ত বেদনাদায়ক। মৃত্যুর পর মানুষের মরদেহ স্বজনদের কাছে পৌঁছাবে, এরপর নিজস্ব ধর্মীয় ও সামাজিক রীতিতে শেষকৃত্যের ব্যবস্থা হতে হবে। অথচ প্রশাসনিক জটিলতায় ওই দুই ব্যক্তির মরদেহ পড়ে আছে ভিনদেশের মর্চুয়ারিতে। হাসপাতালের মর্গের সীমিত সক্ষমতা এবং সংরক্ষণ ব্যয়ের বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই।
বাংলাদেশ সরকার এই সব ভারতীয় নাগরিকের জন্য সম্ভাব্য ধরনের কর্তব্য পালন করেছে। এখন যদি ভারত সরকার তাদের না নিতে চায় তাহলে পুশব্যাক করা ছাড়া আর কি কোনো বিকল্প থাকে? যদিও আমরা কোনো ব্যক্তিকে পুশব্যাক-পুশইনের ঘোর বিরোধী।
আমরা মনে করি, এ সমস্যার সমাধানে আর কোনো বিলম্ব কাম্য নয়। সাজা শেষ হওয়া ৪৪ জন ভারতীয় নাগরিকের প্রত্যাবাসন দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে দুই মৃত নাগরিকের মরদেহ দ্রুত তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দু’দেশের মধ্যে বন্দী প্রত্যাবাসনসংক্রান্ত সমন্বয় ও যোগাযোগ আরও কার্যকর করতে প্রধানত ভারত সরকারকে এগিয়ে আসতে হবে।
সাজা অপরাধের প্রতিফল, অনির্দিষ্ট বন্দিত্ব নয়। আর মৃত্যুর পরও একজন মানুষকে নিজ ভূমিতে ফিরিয়ে না নেওয়া ভারতীয় কর্তৃপক্ষের চরম অমানবিকতা ছাড়া কিছুই নয়। মানুষের মর্যাদা রাষ্ট্রের আইন ও কূটনীতির ঊর্ধ্বে। সেই মর্যাদা রক্ষায় ভারতকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।