যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভ্রমণ—শেষ পর্ব

নাফাখুম থেকে কেওক্রাডং

এম জুবায়ের মাহমুদ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১২:০০ পিএম
নাফাখুম থেকে কেওক্রাডং

৬ নভেম্বর। সকাল আটটার দিকে নাফাখুম থেকে থানচির উদ্দেশে রওনা। আগের মতোই নৌকা ও পাহাড়ি পথ পেরিয়ে ফিরে এলাম থানচিতে।

নীলগিরি থেকে রুমার পথে

থানচি থেকে যাত্রা শুরু অন্য পথে। পাহাড়ি সড়ক ধরে চলতে চলতে বিরতি নীলগিরিতে। চারপাশের পাহাড়ি দৃশ্য উপভোগ করে আবার রওনা। এরপর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে নাশতার জন্য নামি।

বাহনটি ছিল কোনো নিরাপত্তা বাহিনী থেকে নিলামে কেনা, ‘চান্দের গাড়ি’ নামে পরিচিত।

রুমা বাজারে যাওয়ার আগে সেনাক্যাম্পে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অনুমতি নিতে হয়। খরচ- সেখানে জনপ্রতি ৫০ টাকা।

রুমা বাজারে, পাহাড়ে উপজেলা আওয়ামী লীগের একটি দোতলা কার্যালয় অক্ষত থাকার বিষয়টি নজরে আসে।

রুমা বাজার থেকে একজন গাইড নিয়ে আবার পাহাড়ের পথে যাত্রা শুরু। এবারও পরিচয়পত্র দেখিয়ে অনুমতি নিতে হলো। আমাদের গাইডের নাম ফুরকান।

চাঁদের গাড়িতে করে পাহাড়ের উঁচু-নিচু পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর। কখনো আনন্দ মন, আবার কখনো ভয়—গাড়ি যদি উল্টে যায়! এমন দুর্গম পথ পেরিয়ে প্রথমে কাটা পাহাড়ের দৃশ্য দেখি। সেখানে ছবি তুলে পৌঁছাই বগালেক এলাকায়।

বগালেকের পাড়ে পাহাড়ি রাত

বগালেকে পৌঁছে বুঝলাম, পর্যটকের চাপ বেশ। থাকার জায়গা খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। অনেক খোঁজাখুঁজির পরও কোনো ব্যবস্থা হচ্ছিল না। কী আর করা ব্যাগ রেখে বগালেকের পানিতে খানিকটা সাঁতরে নিই!

শেষপর্যন্ত একটি বাড়িতে থাকার জায়গা মিললো। মাথাপিছু ৩০০ টাকা। এখানে পরিচয় নারায়ণগঞ্জ থেকে আসা ছয় পর্যটকের সাথে।

রাতে বগালেকের পাড়ে পাহাড়ি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মিলনমেলা চোখে পড়ে। সেখানে তাদের নিজস্ব ভাষায় গান পরিবেশন করা হচ্ছে। পাহাড়ের নীরবতায় পরিবেশে তাদের এই সাংস্কৃতিক আয়োজন আমাদের কাছে ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। একটি ভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও জীবনযাপনের কিছুটা কাছাকাছি যাওয়ার সুযোগ।

শেষে ফিরি পাহাড়ের ওপরের সেই বাড়িতে, পাহাড়ে আরেকটি রাত।

কেওক্রাডং, পাসিংপাড়া ও পাহাড়ি খাবারের স্বাদ

৭ নভেম্বর। ভোরে ঘুম থেকে উঠে আবার চান্দের গাড়িতে যাত্রা শুরু করি। গন্তব্য কেওক্রাডং। এরপর দার্জিলিংপাড়া, পাসিংপাড়া হয়ে সুংসাংপাড়ায়।

পাহাড়ের একেকটি পাড়া যেন আলাদা একেকটি জগৎ। কোথাও পাহাড়ের ঢালে ঘরবাড়ি, কোথাও কৃষিকাজ, আবার কোথাও ছোট ছোট দোকান। চলার পথে বারবার গাড়ি থামিয়ে ছবি তুলেছি, তাদের জীবনযাপন দেখেছি এবং নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি।

সুংসাংপাড়ায় স্থানীয়দের উৎপাদিত নানা ধরনের চাল দিয়ে তৈরি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হলো। তাদের তৈরি বিশেষ চালের ভাত ও আটা দিয়ে তৈরি পিঠাসহ নানা খাবার মিললো। পাহাড়ি এসব খাবারের স্বাদও ছিল নতুন অভিজ্ঞতা।

ফেরার পথে দার্জিলিংপাড়ায় বাঁশের মধ্যে রান্না করা মুরগির মাংস (বাম্বুচিকেন) খাওয়ার সুযোগ হাতছাড়া করিনি।

এরপর বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মুনলাইপাড়ায় গিয়ে স্থানীয়দের হাতে তৈরি চাদর ও বিছানার চাদর থেকে পছন্দমতো কিছু কেনাকাটাও সারি।

ফেরার পথে থেমে থেমে ছবি তোলা, পাহাড় দেখা আর স্থানীয় মানুষের জীবনযাপন পর্যবেক্ষণ করতে করতে আবার বগালেকের দিকে। সেখান থেকে রুমা বাজার, পরে চান্দের গাড়িতে বান্দরবান শহরে ফিরে আসি।

এভাবেই শেষ হলো আমাদের পাহাড়ি সফরের মূল পর্ব।

সুন্দরবন ও পাহাড় প্রকৃতি ভিন্ন, জীবনসংগ্রামও বৈচিত্র্যের

এই সফরে সবচেয়ে বেশি যে বিষয়টি ভাবিয়েছে, তা হলো সুন্দরবনপাড়ের মানুষের সঙ্গে পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার পার্থক্য।

ছোটবেলা কেটেছে সুন্দরবনের কোলঘেঁষা শ্যামনগরে। নদী, খাল, জোয়ার-ভাটা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও নদীভাঙন আমাদের জীবনের পরিচিত বাস্তবতা। এখানে জীবিকার প্রয়োজনে কেউ নদীতে মাছ ধরে, কেউ কাঁকড়া আহরণ, আবার কেউ সুন্দরবনের ওপর নির্ভর করে জীবন চালান।

অন্যদিকে বান্দরবানের রুমা ও থানচির পাহাড়ি জনপদে মানুষের জীবন আবর্তিত হয় পাহাড়, ঝিরি, ঝরনা, বন ও পাহাড়ি কৃষিকে ঘিরে। সেখানে দুর্গম পাহাড়িপথ, যোগাযোগের সীমাবদ্ধতা, চিকিৎসাসেবার অভাব এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের কষ্ট মানুষের দৈনন্দিন জীবনের অংশ। পাহাড়ি জনপদের মানুষের চ্যালেঞ্জ পাহাড়ধস, পাহাড়ি ঢল ও দুর্গম যোগাযোগব্যবস্থার মতো চ্যালেঞ্জ।

শ্যামনগরের মানুষের সঙ্গে পাহাড়ি জনপদের জীবনযাত্রার বেশ কিছু মিল-অমিল চোখে পড়ে। উভয় অঞ্চলের মানুষই প্রকৃতির ওপর অনেকাংশে নির্ভরশীল। তবে তাদের জীবনযাপনের ধরন, প্রয়োজন ও সংগ্রামের জায়গাগুলো আলাদা।

সুন্দরবনের পাড়ে বেড়ে ওঠা আমার কাছে পাহাড় ছিল এতোদিন বইয়ের ছবি, টেলিভিশনের দৃশ্য কিংবা অন্যের ভ্রমণকাহিনির বিষয়। এবার নিজের চোখে পাহাড় দেখা, পাহাড়ি মানুষের সঙ্গে আলাপ, সেখানে রাতযাপন, খাবারের স্বাদ, প্রকৃতির সৌন্দর্যের আড়ালে কত ভিন্ন বাস্তবতা!

ভ্রমণ শেষ, অভিজ্ঞতার শুরু

চারজন সঙ্গীকে নিয়ে শুরু হওয়া এই যাত্রা প্রত্যেকের জন্যই স্মরণীয়। আমরা পাড়ি দিয়েছি দীর্ঘ পথ। কখনো বাসে, কখনো থ্রিহুইলারে, কখনো নৌকায়, আবার কখনো চান্দের গাড়িতে। পেরিয়েছি পাহাড়ি পথ, দেখেছি জলপ্রপাত, কাটিয়েছি নদীর পাড়ে ও পাহাড়ের ওপর রাত।

এই ভ্রমণ আমাদের শুধু নতুন কিছু জায়গা দেখায়নি, বরং নিজের চেনা গণ্ডির বাইরের জীবনকে নতুন করে চিনিয়েছে।

ফিরে এসেছি পাহাড় থেকে, কিন্তু সঙ্গে নিয়ে এসেছি অনেক প্রশ্ন, নতুন উপলব্ধি আর অসংখ্য স্মৃতি।

(শেষ)

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)