বেনজীন খান
বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিজগতের এক উজ্জ্বল নাম মোহাম্মদ রফিকউজ্জামান। গীতিকবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রের কাহিনিকার ও চিত্রশিল্পী হিসেবে তার অবদান আমাদের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা এই মানুষটি কেবল তার সৃষ্টিশীলতার জন্যই নন, ব্যক্তিত্ব, রুচি, জীবনবোধ ও শিল্পের প্রতি গভীর অনুরাগের কারণেও অনন্য।
১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি ঝিনাইদহে মাতুলালয়ে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস যশোর শহরের খড়কীতে। যশোর জিলা স্কুল, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন সম্পন্ন করা এই মানুষটি বাংলা সাহিত্য ও সংগীতের ভুবনে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন। বাংলাদেশ বেতারে দীর্ঘ কর্মজীবন, প্রায় দুই হাজার গান রচনা, শতাধিক চলচ্চিত্রে গান এবং চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায় সম্পৃক্ততা তাকে বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত করে।
তার লেখা গান আমাদের কয়েক প্রজন্মের আবেগ, প্রেম, বিরহ, দ্রোহ ও দেশপ্রেমের সঙ্গে মিশে আছে। ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘দুঃখ আমার বাসররাতের পালঙ্ক’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন’ কিংবা ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’—এমন অসংখ্য গান তার সৃষ্টিশীলতার স্বাক্ষর বহন করে। তার গানে যেমন ব্যক্তিমানুষের অন্তর্গত অনুভূতির প্রকাশ ঘটেছে, তেমনি উঠে এসেছে প্রকৃতি, সমাজ, স্বদেশ ও মানুষের জীবনসংগ্রাম।
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার—১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে। ২০২৪ সালে অর্জন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—স্বাধীনতা পুরস্কার।
তবে আমার কাছে মোহাম্মদ রফিকউজ্জামান কেবল একজন বরেণ্য গীতিকবি কিংবা পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন। তিনি আমাদের প্রিয় রফিক ভাই। যশোরে এলেই তিনি নিয়মিত প্রাচ্যসংঘে আসতেন। এই প্রতিষ্ঠানের প্রতি তার যে গভীর ভালোবাসা ও আত্মিক টান ছিল, তা আমাদের জন্য অমূল্য সম্পদ।
প্রায়ই বলতেন, ‘যশোরে এই একটি জায়গা আছে, যেখানে বসলে শান্তি লাগে।’
প্রাচ্যসংঘের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে বলতেন, ‘এই ক্যাম্পাসে হাঁটলে আমি সুস্থ হয়ে যাই। ডাক্তার এবং ওষুধের সমস্যা না থাকলে আমি যশোরেই থাকতাম। প্রাচ্যসংঘ আমাকে বেঁচে থাকতে উৎসাহিত করে।’
কথাগুলো আমাদের কাছে নিছক প্রশংসাবাক্য না। একটি প্রতিষ্ঠান তার স্রষ্টা ও কর্মীদের কাছে কতটা অর্থবহ হতে পারে, একজন শিল্পী তার পরিবেশের মধ্যে কতটা মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারেন, তার কথায় আমরা তা অনুভব করি।
প্রতিষ্ঠান পরিচালনার দীর্ঘ পথচলায় নানান প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত ও মানুষের উদাসীনতায় যখন কখনো হতাশ হয়ে পড়েছি, রফিক ভাই তখন পাশে দাঁড়িয়েছেন। স্নেহভরে বলেছেন, ‘কে আসলো, কে আসলো না, কে মূল্যায়ন করলো, কে করলো না—এসব তোমার দেখার দরকার নেই। তুমি দরজা খুলে বসে থাকবে। এই দুর্ভাগারা এখন হয়তো এই প্রতিষ্ঠানের কোনো মূল্যায়ন করতে পারছে না, কিন্তু একদিন তাদের আফসোস করতে হবে।’
তার এই কথাগুলো আমার কাছে কেবল সান্ত্বনা নয়; পথচলার দর্শন। একটি প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তাকে টিকিয়ে রাখার জন্য যে ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাস প্রয়োজন, তার কথায় সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
আমরাও তার অন্তরঙ্গ ও গভীর সান্নিধ্যে প্রতিনিয়ত নিজেদের শিল্পকলার বিভিন্ন শাখায় আরও বেশি নিবেদিত করার তাগিদ অনুভব করতাম। তার মতো একজন প্রাজ্ঞ, শিল্পমনস্ক ও জীবনঘনিষ্ঠ মানুষের উপস্থিতি আমাদের জন্য এক ধরনের অনানুষ্ঠানিক শিক্ষালয়। তার সঙ্গে আলাপচারিতা, তার অভিজ্ঞতার কথা শোনা এবং শিল্প-সংস্কৃতি নিয়ে তার ভাবনার অংশীদার হওয়া আমাদের সমৃদ্ধ করে।
যশোর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রত্নগর্ভা মায়ের সন্তান মোহাম্মদ রফিকউজ্জামান। তার ভেতরে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, শিল্পের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি গভীর মমত্ববোধের যে সমন্বয় দেখেছি, তা তাকে আমার কাছে আরও মহৎ করে তুলেছে।
আজ আমাদের প্রিয় রফিক ভাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যিনি তার সৃষ্টির মধ্য দিয়ে অসংখ্য মানুষের হৃদয়ে আনন্দ, বেদনা ও ভালোবাসার অনুভূতি জাগিয়েছেন, যিনি আমাদের প্রতিষ্ঠানকে ভালোবেসে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছেন, তার সুস্থতা কামনায় আজ আমাদের হৃদয়ও ব্যাকুল।
হে পরম করুণাময় আল্লাহ, তুমি আমাদের এই প্রিয় মানুষটিকে সুস্থ করে দাও। তাকে আরও দীর্ঘ ও সুন্দর জীবন দান করো। তার সৃষ্টিশীলতা, অভিজ্ঞতা ও সান্নিধ্যে আমাদের আরও অনেক দিন সমৃদ্ধ হওয়ার সুযোগ দাও।
রফিক ভাই, প্রাচ্যসংঘের দরজা আপনার জন্য সব সময় খোলা। আপনার প্রিয় সেই ক্যাম্পাসে আবারও আপনাকে হাঁটতে দেখতে চাই। আপনার কণ্ঠে আবার শুনতে চাই জীবনের কথা, শিল্পের কথা, মানুষের কথা।
আপনার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রইলাম।
লেখক: প্রতিষ্ঠাতা, প্রাচ্যসংঘ ও প্রাচ্য আকাদেমি, যশোর
১৭/১১/২০২৬
তথ্য সহায়তা: উইকিপিডিয়া