ভ্রমণ—১
এম জুবায়ের মাহমুদ
সুন্দরবনের কোলঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর। চারদিকে নদী, খাল, জোয়ার-ভাটা আর লবণাক্ততার সঙ্গে বেড়ে ওঠা আমাদের জীবন। ছোটবেলা থেকেই নদীর উত্তাল ঢেউ-ভাঙন, ঝড়-জলোচ্ছ্বাস দেখে অভ্যস্ত। কিন্তু জীবনের একপর্যায়ে নদীর সেই চেনা ভূপ্রকৃতি ছেড়ে পাহাড়ের অচেনা সৌন্দর্য দেখতে যাওয়ার ইচ্ছা জাগে। গন্তব্য বান্দরবান। উদ্দেশ্য শুধু পাহাড় দেখা নয়, পাহাড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও বাস্তবতা কাছ থেকে দেখা।
এই যাত্রায় সঙ্গী চারজন—তাহমিদ হোসেন, মোজাফ্ফার হোসেন বাকি, আল ইমরান ও আতিয়ার রহমান সাজু। সম্পর্কে কেউ ভাইপো, কেউ চাচাতো ভাই। বয়সের ব্যবধানও এক-দুই বছরের। কিন্তু ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা করতে করতে আত্মীয়তার সম্পর্ক ছাপিয়ে আমাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্বের বন্ধন।
আড্ডা থেকে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা
২০২৬ সালের ২২ অক্টোবর, বৃহস্পতিবার। নওয়াবেঁকী বাজারে প্রতিদিনের মতোই চলছিল আড্ডা। গল্পের ফাঁকে হঠাৎ মোজাফফার হোসেন বাকি বান্দরবান ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলেন। প্রথমে যাওয়ার তেমন আগ্রহ ছিল না। কিন্তু তাহমিদের পীড়াপীড়িতে শেষপর্যন্ত রাজি হই।
পরদিন শুক্রবার জুমার নামাজের পর সিদ্ধান্ত চূড়ান্ত, ৪ নভেম্বর বুধবার বিকেলে যাত্রা শুরু। এরপর শুরু প্রস্তুতি। ২৭ অক্টোবর শ্যামনগর সদরে অবস্থিত ইমাদ পরিবহনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ। বান্দরবানের সরাসরি বাস না থাকায় বান্দরবান থেকে কিছুটা দূরের কেরানীরহাট পর্যন্ত টিকিট নিতে হলো। এরপর দিন গোনার পালা।
বৃষ্টিভেজা বিকেলে যাত্রা শুরু
৪ নভেম্বর সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এরমধ্যেই চলছে যাত্রার প্রস্তুতি। দুপুর তিনটার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা।
বিকেল ৪টা ২০ মিনিটে শ্যামনগর থেকে বাস ছাড়লো। আমরা পাঁচজন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে পৌঁছালাম সাতক্ষীরায়। সেখানে ২০ মিনিটের বিরতি শেষে চলতে শুরু করলো বাস।
রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়া বাজারের কাছে হোটেল নূরজাহানে যাত্রাবিরতি। আহার শেষে রাত দুটোর দিকে চালু হলো বাস। ভোর পাঁচটার দিকে কেরানীরহাটে।
মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে ফ্রেশ হয়ে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে সিএনজিতে বান্দরবান শহরের উদ্দেশে যাত্রা। শুরুতেই চোখে পড়লো উঁচু-নিচু পাহাড়ি সড়ক। ছোট যানবাহনে এমন পথে চলতে বেশ ভয় করছে। তবে, চালকের কথায় কিছুটা আশ্বস্ত হই।
বান্দরবান শহরে প্রবেশের আগে পুলিশের একটি চেকপোস্ট। সেখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি গ্রহণ, পরিচয়সহ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে যেতে দেওয়া হলো। বান্দরবানে সামান্য দূরত্বেও যানবাহনের ভাড়া তুলনামূলক বেশি।
পাহাড়ি পথে থানচির উদ্দেশে
৫ নভেম্বর সকালে বান্দরবান শহর থেকে বাসে রওনা হই থানচি উপজেলা। ছাদে বসে পাহাড়ি পথ, আশপাশের দৃশ্য দেখার অভিজ্ঞতা অন্যরকম। পথ যত এগোয়, ততই অনুভব করতে থাকি, এখানে চলাচল কত কঠিন। রাস্তার পাশে গাছের ডালপালা মাঝেমাঝে শরীর ছুঁয়ে যাচ্ছে।
পথে সেনাবাহিনী ক্যাম্পে পরিচয়পত্র দিতে হলো। প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে পৌঁছাই থানচি।
পথের দুই পাশে পাহাড়ের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি, কোথাও পাহাড়ি মানুষকে কলা সংগ্রহ করতে দেখলাম, কোথাও রাস্তার পাশে কেউ কুমড়া বা কলা বিক্রি করছেন। পাহাড়ের ঢালে মানুষের এমন জীবনযাত্রা নতুন অভিজ্ঞতা।
থানচিতে উঠি হোটেল দার্জিলিংয়ে। দুপুর দুটোর বেশি বাজে। সাঙ্গু নদীর পাড়ে একটি হোটেলে খাওয়ার সময়ই সিদ্ধান্ত, এবার গন্তব্য নাফাখুম।
সাঙ্গুর বুকে নৌযাত্রা, সামনে নাফাখুম
থানচি থেকে নাফাখুম যাওয়ার জন্য নৌযাত্রার প্রস্তুতি। নৌকায় উঠতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পর্যটক গাইড নিতে হয়। আমাদের সঙ্গে যুক্ত হলেন স্থানীয় গাইড মোংসাইনো মার্মা।
বিকেল তিনটার কিছু পরে নৌকায় উঠলাম। শুরু হলো সাঙ্গু নদীর বুকে এক অন্যরকম যাত্রা। নিচে বয়ে চলা নদী, দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর নদীর বুকে ছড়িয়ে থাকা বিশাল পাথর—সব মিলিয়ে অভ’তপূর্ব। স্থানীয়ভাবে বড় বড় এসব পাথরকে ‘রাজা পাথর’ বলা হয়।
নৌকা চলছিল বেশ দ্রুতগতিতে। পাহাড়ের বুক চিরে নদীর আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দুই ঘণ্টার বেশি সময় নৌযাত্রার পর পৌঁছাই রেমাক্রিতে। এখান থেকে অন্য নৌকায় যেতে হবে। গন্তব্য নাফাখুম জলপ্রপাত। প্রায় এক ঘণ্টা পর বনের মধ্যে নামিয়ে দেওয়া হলো। জনমানবহীন বন ও পাহাড়ি পথ ধরে প্রায় তিন কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছালাম নাফাখুম জলপ্রপাতের কাছে। সেখানে পৌঁছানোর পর ক্লান্তি কোথায় যে দূর হয়ে গেল!
জলপ্রপাতের শব্দে পাহাড়ি রাত
নাফাখুম জলপ্রপাতের উত্তর দিকে ওয়ামচিংলা মার্মার গ্রাম্য আদলে তৈরি বাঁশের একটি ঘরে থাকার ব্যবস্থা। অনেক বাড়ি পর্যটকদের থাকার জন্য করা হয়েছে। থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও আছে। তবে, এর জন্য আলাদা পে করতে হয়।
রাতের খাবারে আলুভর্তা, ডিম ও ডালের কথা বলি। জলপ্রপাতের ওপরের পানিতে গোসল সেরে নিই।
এখানে অর্ধশতাধিক মানুষ পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। এত দুর্গম জায়গায় পর্যটনকে ঘিরে স্থানীয় মানুষের জীবিকা! ভাবাই যায় না।
রাতের খাবার শেষে ঘুমাতে যাই। ঘুমানোর জায়গা থেকেই জলপ্রপাতের পানির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। শহরের কোলাহল থেকে বহু দূরে পাহাড়ের নীরবতার মধ্যে প্রকৃতির অপরূপ সংগীত।
পাহাড়ের মানুষের জীবনযাপন
৬ নভেম্বর, শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার জলপ্রপাত দেখতে বের হই। আশপাশ ঘুরে দেখার পাশাপাশি কথা হলো স্থানীয় বাসিন্দা মা মাশিওয়াং মার্মার সঙ্গে। আশপাশে কেবুপাড়া, ওনাচিং পাড়া, নাফাখুম পাড়া, জেসবং পাড়া, উয়েলাওয়া পাড়া, হামজোন পাড়া ও কেওয়াসোয়েচিং পাড়া—এই সাতটি গ্রাম। প্রায় এক হাজার মানুষের বসবাস গ্রামগুলোতে।
এখানকার মানুষ নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের ওপরই বেশি নির্ভরশীল। টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কিনতে থানচিতে যেতে হয়।
আশপাশে চিকিৎসা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি প্রয়োজনে চিকিৎসা পাওয়া কঠিন।
প্রযুক্তির ব্যবহারও এখানে সীমিত। জেনারেটরের সাহায্যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। রাত ১১টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।
এই জনপদে বসে বারবার মনে হচ্ছে, সমতলের মানুষ যেসব সুযোগ-সুবিধাকে খুব স্বাভাবিক ভাবে, পাহাড়ের এসব মানুষের কাছে তা বহুদূরের বিষয়।
(চলবে...)