যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

খাদ্যে ভেজাল ও অব্যবস্থাপনা: আইনের প্রয়োগ আরও কঠোর হওয়া দরকার

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
খাদ্যে ভেজাল ও অব্যবস্থাপনা: আইনের প্রয়োগ আরও কঠোর হওয়া দরকার

খাদ্য মানুষের মৌলিক চাহিদা। বেঁচে থাকার জন্য মানুষ খাবার গ্রহণ করে। সেই খাবারই যদি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে তা নিছক ব্যবসায়িক অনিয়ম নয়, বরং জনস্বাস্থ্যের বিরুদ্ধে গুরুতর অপরাধ। যশোরে অর্পণ ঘোষ ডেয়ারিতে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন এবং সেই দইয়ের ভেতরে প্রচুর জ্যান্ত পোকা পাওয়া যাওয়ার ঘটনা আবারও আমাদের সামনে এই নির্মম বাস্তবতা তুলে ধরেছে।

সুবর্ণভূমিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্পণ ঘোষ ডেয়ারিতে প্রস্তুতকৃত দইয়ের মধ্যে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখা গেছে। শুধু তা-ই নয়, কারখানার পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। উৎপাদিত পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশ্ন হচ্ছে, খাদ্যপণ্যের মতো স্পর্শকাতর বিষয়ে এমন দায়িত্বহীনতার পরিণতি কি কেবল ১৫ হাজার টাকা জরিমানা? একজন ভোক্তা যখন বাজার থেকে দই কিনে পরিবারের সদস্যদের খাওয়ান, তখন তিনি নিশ্চয়ই আশা করেন, পণ্যটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হবে। অথচ সেই খাবারের ভেতরে যদি জীবন্ত পোকা পাওয়া যায়, তাহলে ভোক্তার আস্থার জায়গাটি কোথায় থাকে?

দুঃখজনক বাস্তবতা হচ্ছে, যশোরে প্রায় প্রতি সপ্তাহের একাধিক দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান, অনিয়ম খুঁজে পান, জরিমানা করেন। কিন্তু এসব অভিযানের পরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। বরং কিছু অসাধু ব্যবসায়ীর মধ্যে আইন অমান্য করার প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং মান নিয়ন্ত্রণের বিধিবিধানকে অনেকেই তেমন গুরুত্ব দিতে চান না।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, জরিমানার পরও যদি একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই শাস্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কোনো প্রতিষ্ঠানের কাছে দশ বা ১৫ হাজার টাকা জরিমানা যদি ব্যবসায়িক ঝুঁকির সামান্য অংশমাত্র হয়, তাহলে সেই জরিমানা অপরাধ প্রবণতা ঠেকাতে কতটা কার্যকর হবে? আইন প্রয়োগের উদ্দেশ্য শুধু রাজস্ব আদায় নয়; অপরাধ বন্ধ করা এবং অন্যদের জন্য সতর্কবার্তা তৈরি করা।

সুবর্ণভূমির প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাঠক-দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। কেউ কেউ প্রতিষ্ঠানটির মালিককে পিটিয়ে মেরে ফেলার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন। মানুষের এই ক্ষোভের কারণ সহজেই বোধগম্য। নিজের কিংবা পরিবারের সদস্যদের অজান্তে এমন খাবার গ্রহণের আশঙ্কা যে কাউকে ক্ষুব্ধ করতে পারে। তবে অপরাধের প্রতিক্রিয়ায় আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীর বিচার করবে রাষ্ট্র, ব্যক্তিগত ক্ষোভ থেকে বিচারের দায়িত্ব নেওয়ার সুযোগ নেই।

আমাদের কথা হলো, খাদ্যপণ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং ভোক্তার জীবন বিপন্ন করার মতো অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের আইনে যেখানে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে, সেখানে বারবার একই অপরাধে জড়িত প্রতিষ্ঠানকে কেবল নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি। অপরাধের মাত্রা, পূর্ববর্তী অপরাধের ইতিহাস এবং জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে শাস্তির মাত্রা বাড়াতে হবে। প্রয়োজনে লাইসেন্স স্থগিত বা বাতিল, উৎপাদন কার্যক্রম বন্ধ এবং আইনানুগ অন্যান্য কঠোর ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে নিয়মিত তদারকি, আকস্মিক অভিযান এবং অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় পরিদর্শনের ব্যবস্থা জারি রাখতে হবে। কারণ, একদিনের অভিযান দিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

মনে রাখতে হবে, খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি দায়িত্বশীল কাজ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো ব্যবসায়ীর নেই। তাই লোকদেখানো অভিযান কিংবা সামান্য জরিমানা নয়, চাই ধারাবাহিক নজরদারি, আইনের কঠোর প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। মানুষের খাবার যেন মানুষের মৃত্যুফাঁদে পরিণত না হয়—রাষ্ট্রকে সেই নিশ্চয়তা দিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)