সম্পাদকীয়
একজন সৃষ্টিশীল মানুষ কেবল তার ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নন। তার সৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে একটি সমাজের ইতিহাস, সংস্কৃতি, আবেগ ও আত্মপরিচয়। তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন উদ্বিগ্ন হয় শুধু তার পরিবার-পরিজন নয়, তার সৃষ্টির আলোয় আলোকিত অসংখ্য মানুষ। দেশের প্রধান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের অসুস্থতার খবর তাই গোটা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য উদ্বেগের।
যশোরের মাটিতে বেড়ে ওঠা এই অনন্যসাধারণ ব্যক্তিত্ব কয়েক দশক ধরে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। কবিতা দিয়ে সাহিত্যচর্চা শুরু হলেও পরবর্তী সময়ে গীতিকার বা গীতিকবি হিসেবে অসামান্য দক্ষতার পরিচয় দেন। ১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রের জন্য নিয়মিত গান লেখা শুরু করেন। এরপর একের পর এক কালজয়ী গানের কথা উপহার দিয়েছেন শ্রোতাদের। তার লেখা গান মানুষের ভালোবাসা, বিরহ, স্বপ্ন, প্রতিবাদ, দেশপ্রেম ও মানবিক অনুভূতির ভাষা হয়ে ওঠে। প্রজন্ম থেকে প্রজন্মে তার রচিত গান ছড়িয়ে পড়েছে, জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে।
শুধু গীতিকার হিসেবেই নয়, চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার সৃজনশীলতার স্বীকৃতি। ২০২৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রও তার অবদানের যথার্থ মূল্যায়ন করেছে।
যদিও আমরা জানি, একজন শিল্পীর প্রকৃত অর্জন কেবল পুরস্কার বা পদকে সীমাবদ্ধ থাকে না। মানুষের মুখে মুখে যদি কারও সৃষ্টি বেঁচে থাকে, সেটাই কোনো গুণী মানুষের বড় প্রাপ্তি।
সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। স্মৃতিশক্তির দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া, পড়ে গিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া এবং প্রচণ্ড পেটব্যথার মতো সমস্যার কথা তার পরিবারের বরাতে জানা গেছে। পরীক্ষার প্রতিবেদন নিয়েও উদ্বেগ রয়েছে। চিকিৎসকেরা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাননি। এই পরিস্থিতিতে তার চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং সার্বিক পরিচর্যায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।
আমরা মনে করি, মোহাম্মদ রফিকউজ্জামানের মতো একজন বরেণ্য শিল্পীর চিকিৎসার বিষয়টি কেবল তার পরিবারের একার দায়িত্ব হতে পারে না। রাষ্ট্র, সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পীসমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচিত তার পাশে দাঁড়ানো। প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে কিংবা বিদেশে যে ব্যবস্থাই প্রয়োজন হোক, তা গ্রহণে যেন কোনো ধরনের অবহেলা বা বিলম্ব না ঘটে।
জীবিত অবস্থায় গুণী মানুষের যথাযথ মূল্যায়ন, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য সমাজের দায়িত্ব। আমাদের দেশে অনেক শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবী জীবনের শেষ প্রান্তে এসে আর্থিক ও শারীরিক অনিশ্চয়তার মুখোমুখি হন। রফিকউজ্জামানও সেই বাস্তবতার মুখে পড়েছেন—এমনটি আমরা দেখতে চাই না।
আমরা বিশ্বাস করি, তার সৃষ্টিশীল মননে এখনো অনেক কথা জমা রয়েছে। বাংলা গান, সাহিত্য ও চলচ্চিত্রের জগৎ তার কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারে। তার অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিল্পী ও গীতিকারদের জন্য হতে পারে মূল্যবান দিকনির্দেশনা। তার জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আরও গবেষণা, স্মৃতিচারণ এবং প্রামাণ্য সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে।
মোহাম্মদ রফিকউজ্জামান শুধু যশোরের গর্ব নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদ। সুস্থ হয়ে ফিরে আসা তার পরিবার ও স্বজনদের জন্য যেমন আনন্দের, তেমনি দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের জন্যও হবে স্বস্তি ও আশার খবর। আমরা চাই, তিনি আবার সুস্থ হয়ে উঠুন, ফিরে আসুন স্বাভাবিক জীবনে। তার কলম আবার কথা বলুক, তার সৃষ্টিশীলতা আরও সমৃদ্ধ করুক বাংলা সংস্কৃতিকে।
দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা, সবাই এই গুণী মানুষের জন্য দোয়া করবেন। রাষ্ট্রের কাছেও প্রত্যাশা, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তার চিকিৎসায় পাশে থাকবে।