স্টাফ রিপোর্টার
, যশোর
পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সাথে পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর জেলা সফরকালে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বৃক্ষরোপণ, স্থানীয় সুধীজন ও রাজনীতিকদের সাথে মতবিনিময় এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভায় অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে পুলিশের একটি দল ডিআইজি মো. রেজাউল করিমকে গার্ড অব অনার প্রদান করে। পরে যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় ডিআইজি পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা, ব্যক্তিগত কল্যাণ এবং সুযোগ-সুবিধাসংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন, মানবিক ও জনবান্ধব হওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
বিকেল ৩টায় ডিআইজি মো. রেজাউল করিম যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর স্থানীয় সুধী ও রাজনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দিনের শেষ পর্যায়ে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।