খুলনা অফিস
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার সরকার (৫৭) ও তার স্ত্রী হান্না সরকার (৪৫)। এ সময় বাসের ধাক্কায় নিজ বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা (১৮) আহত হন। নিহত স্বপন সরকার মোংলার একটি ক্রিশ্চিয়ান চার্চের পালক ও তার স্ত্রী চার্চের শিক্ষিকা।
খর্নিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে মোংলা থেকে সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়া মোটরসাইকেলকে (সাতক্ষীরা-হ-১৮-২৫০৩) সাতক্ষীরাগামী বগুড়া-জ-১১-০০৩৮ নাম্বারের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকার এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকারকে মৃত ঘোষণা করেন।
খর্নিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার বলেন, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারের কাজ চলছে।