খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী ও এক ভ্যানচালক আহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোলায়মান শেখ (৫৫) ও খালেক শেখ (৬৫)। তাদের শরীরে গুলির ক্ষত ছাড়াও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খালেকের ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন সোলায়মান। বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাঁ হাতে ও পায়ে গুলি লাগে। এ ছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মাস্ক পরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাদের সঙ্গে কথা বলে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা জানা যাবে।