রাইয়াদ ফেরদৌস হামিম
হানি ট্র্যাপ কেবল গোয়েন্দা কাহিনি বা সিনেমার বিষয় নয়। গুপ্তচরবৃত্তির জগতে এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা এই কৌশল ব্যবহার করেন। এতে জড়িয়ে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে।
হানি ট্র্যাপ কী
হানি ট্র্যাপ হলো এক ধরনের ফাঁদ, যেখানে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব বা যৌন আকর্ষণের টোপ দিয়ে কাউকে ফাঁদে ফেলা হয়। একজন সুন্দরী নারী বা সুদর্শন পুরুষকে ব্যবহার করে টার্গেট করা ব্যক্তির সাথে প্রথমে প্রেমের বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হয়। তারপর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে টাকা, গোপন তথ্য বা অন্য কোনো সুবিধা আদায় করা হয়।
এটি মূলত তিনভাবে ঘটে থাকে
১. ব্ল্যাকমেইলিং: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও গোপনে ধারণ করে পরে টাকা দাবি করা;
২. গোয়েন্দাগিরি: দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেনা কর্মকর্তা বা বিজ্ঞানীর কাছ থেকে গোপন তথ্য বের করার জন্য এই ফাঁদ ব্যবহার করা;
৩. প্রতারণা: সামাজিক মাধ্যমে সুন্দর ছবি দিয়ে প্রেমের অভিনয় করে বিদেশ থেকে টাকা পাঠানোর কথা বলে বা ‘বিপদে পড়েছি’ বলে টাকা হাতিয়ে নেওয়া।
যেভাবে ফাঁদ পাতা হয়
হানি ট্র্যাপের নানা পদ্ধতি রয়েছে। লক্ষ্য ব্যক্তিকে এমন পরিস্থিতিতে ফেলা হয়, যা প্রকাশ পেলে তিনি বিব্রত বা বিপদে পড়তে পারেন। এরপর তাকে ব্ল্যাকমেইল করে তথ্য বা টাকা আদায় করা হয়।
এর ধাপগুলো হলো
১. টার্গেট নির্বাচন: সাধারণত টাকা-পয়সা আছে, সমাজে প্রতিষ্ঠিত, প্রবাসী বা একাকিত্বে ভুগছে এমন মানুষদের টার্গেট করা;
২. সম্পর্ক তৈরি: ফেসবুক, ইমো, ইনস্টাগ্রামে সুন্দরী মেয়ে বা ছেলে সেজে নক দেওয়া, খুব দ্রুত প্রেম ও বিয়ের প্রলোভন দেখানো;
৩. বিশ্বাস অর্জন: দিনরাত চ্যাট, ভিডিও কল, আবেগি কথা বলে বিশ্বাস করিয়ে ফেলা;
৪. ফাঁদে ফেলা: ভিডিও কলে অশ্লীল অবস্থায় নিয়ে স্ক্রিন রেকর্ড করে, অথবা সরাসরি হোটেলে বা বাসায় ডেকে নেওয়া, যেখানে আগে থেকে লোকজন প্রস্তুত থাকে;
৫. ব্ল্যাকমেইল: এরপর শুরু হয় টাকা দাবি।
গোয়েন্দা জগতে হানি ট্র্যাপের ইতিহাস
এই কৌশলের ইতিহাস অনেক পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে তৈরি করতো। ওই সময় রুশ গোয়েন্দারাও নিয়মিত এই কৌশল ব্যবহার করতেন। পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলকক্ষে পুরুষ ও নারী—দুই ধরনের এজেন্টকেই পাঠানো হতো। তখন টার্গেটকে বলা হতো, ‘আমরা চাইলে তোমাকে গ্রেপ্তার করতে পারি, অথবা আমাদের কাজে সাহায্য করতে পারো।’ সরকারি কর্মকর্তা হলে চাকরি যাওয়ার ভয়, এমপি-মন্ত্রী হলে ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে তারা ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করতে বাধ্য হতেন। বিশেষ করে চীন, ইসরাইল, আমেরিকা ও রাশিয়ার গোয়েন্দারা এখনো ব্যাপকভাবে এই কৌশল ব্যবহার করেন।
বাংলাদেশে ভয়াবহ বিস্তার
এক সময় এটি আন্তর্জাতিকভাবে আলোচিত থাকলেও বর্তমানে এটি বাংলাদেশের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি এখন নিত্যদিনের ঘটনা।
বর্তমানে বাংলাদেশে যেসব হানি ট্র্যাপ বেশি হচ্ছে
১. ফেসবুক হানি ট্র্যাপ: মেয়ের আইডি থেকে বন্ধুত্ব, তারপর আপত্তিকর ভিডিও কল;
২. চাকরির হানি ট্র্যাপ: চাকরি দেওয়ার কথা বলে মেয়েদের ডেকে ফাঁদে ফেলা;
৩. প্রেমের ফাঁদে ছিনতাই: প্রেমিকাকে দিয়ে প্রেমিককে নির্জন জায়গায় ডেকে এনে ছিনতাই;
৪. মডেল তৈরির ফাঁদ: মডেল তৈরির নামে অল্প বয়সের তরুণীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়।
সাম্প্রতিক ঘটনা
গত কয়েক মাসে ঢাকায় অনেক চক্র ধরা পড়েছে। গত ২৫ অক্টোবর ২০২৬ ডিবি ওয়ারী বিভাগ তুরাগের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিন পুরুষ ও দুই নারী ছিলেন। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও টর্চার বেল্ট উদ্ধার করা হয়।
আরেকটি ঘটনায়, রাজধানীর একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী কর্মকর্তাকে ঋণগ্রহীতা পরিচয়ে এক নারী প্রথমে ঘনিষ্ঠতা তৈরি করে। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগী খিলগাঁও থানায় মামলা করলে ডিবির সাইবার বিভাগ চক্রটিকে গ্রেপ্তার করে।
কীভাবে বুঝবেন আপনি ফাঁদে পড়ছেন
১. চেনা নেই, জানা নেই, হঠাৎ অচেনা সুন্দরী মেয়ে নিজে থেকে নক দিচ্ছে;
২. ২-৩ দিনের মধ্যেই প্রেমের প্রস্তাব ও শারীরিক সম্পর্কের কথা বলা শুরু করছে;
৩. ভিডিও কলে আসতে বারবার জোর করছে;
৪. বিপদে পড়ার কথা বলে টাকা চাইছে;
৫. দেখা করতে নির্জন জায়গা বা বাসায় যেতে বলছে।
পরিত্রাণের উপায়
১. অচেনা কারো সাথে ভিডিও কলে এমন কিছু করবেন না যা অশ্লীল হিসেবে বিবেচিত হয়;
২. ব্যক্তিগত ছবি বা ভিডিও কারো সাথে শেয়ার করবেন না;
৩. টাকা চাইলেই সাথে সাথে ব্লক করে দিন;
৪. ফাঁদে পড়ে গেলে ভয় পেয়ে টাকা দেবেন না। সাথে সাথে ৯৯৯-এ কল করুন বা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করুন।
সচেতনতাই পারে এই ভয়ংকর ফাঁদ থেকে আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করতে।
লেখক: সংগঠক