যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিধ্বস্ত টুঙ্গিপাড়া কাশিয়ানী ফের বিক্ষোভের প্রস্তুতি

রাকিব হাসনাত

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:৪০ পিএম
বিধ্বস্ত টুঙ্গিপাড়া কাশিয়ানী ফের বিক্ষোভের প্রস্তুতি

বাংলাদেশের গোপালগঞ্জে দুই দিনের সহিংসতার পর টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন অনেকটাই ভেঙ্গে পড়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের এলাকা ছাড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হামলার আশঙ্কায় অধিকাংশ পুলিশ সদস্য থানা ছেড়ে জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন।

বুধবার সন্ধ্যা নাগাদ জেলা সদরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার সন্ধ্যায় জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর মধ্যেই বৃহস্পতিবারের আওয়ামী লীগের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলাগুলোর স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তাদের অধিকাংশই ফোন রিসিভ করেননি বা কেটে দিয়েছেন। কয়েকজন কর্মকর্তা বলেছেন তাদের জন্য ‘কথা বলার মতো পরিস্থিতি নেই’।

বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ গোপালগঞ্জ ঘুরে এসে জানিয়েছেন, প্রায় ৮/৯ কিলোমিটার সড়কজুড়ে গাছের গুড়ি ফেলে রাখার কারণে সকাল থেকেই টুঙ্গিপাড়া যাওয়ার সড়ক ছিল বন্ধ।

অন্যদিকে সেখানকার স্থানীয় সাংবাদিকরা বলেছেন এলাকাটি এখন অনেকটাই ‘বিধ্বস্ত জনপদ’।

ওদিকে কাশিয়ানীতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ‘তাণ্ডব’ চলেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপির কিছু কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

গত ১০ নভেম্বর ছাত্রলীগের একটি কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে মাঠে নামতে দেখা যায়। পনেরই নভেম্বর ব্যাপক বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী সমর্থকের অংশ নেওয়ার সরকার ডিসি এসপিকে প্রত্যাহার করে নেয়।

সবশেষ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় স্থানীয় কিছু ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা থানা ঘেরাও করলে পরিস্থিতি সহিংস হয়ে উঠে এবং পুলিশের গুলিতে কয়েকজনের আহত হবার খবর পাওয়া যায়।

এক পর্যায়ে টুঙ্গিপাড়া থানা, স্থানীয় বিএনপি এমপির বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার যা হয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজও টুঙ্গিপাড়া ছিল বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। টুঙ্গিপাড়ায় পুলিশের কোনো কার্যক্রম ছিল না এবং থানায় সব কার্যক্রম বন্ধ ছিল। গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরিস্থিতি মোকাবেলায় জেলাজুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। সড়কটির বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে। মাইকে বাজানো হয়েছে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ।

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন বিবিসি বাংলার আবুল কালাম আজাদ।

ওদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাঙচুর করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হামলার সময় তাদের হাতে লাঠি-সোটা, রামদা, ছুরিসহ দেশিয় বিভিন্ন অস্ত্রপাতি দেখা গেছে। এসময় পুলিশের একজন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় সাংবাদিকরা। এছাড়া কাশিয়ানীর রামদিয়ায় মিছিল নিয়ে গিয়ে গত দুই বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়েরও তালা খুলে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।

জেলা সদর থেকে আজ সন্ধ্যায় সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে ছাত্রলীগ বুধবার সন্ধ্যা আবার বিক্ষোভ মিছিল বের করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামফলক বসিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এই নাম পরিবর্তন করা হয়েছিল। ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের সময় যৌথ বাহিনীর গাড়ি দেখা গেলেও পরিস্থিতি ছিল শান্ত।

মঙ্গলবারের ঘটনা

মঙ্গলবার রাত নয়টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার পর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

থানায় হামলার থানায় আটক থাকা দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ।

এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে মঙ্গলবার দিনের বেলা গ্রেপ্তার করে পুলিশ।

তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ধ্যায় থানা ঘেরাও করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আটককৃতদের ছাড়তে অস্বীকার করার একপর্যায়ে থানায় হামলা চালায় ঘেরাওকারীরা।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে হামলাকারীদের মধ্যে অন্তত দু’জন আহত হয়

ওইরাতেই গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি সংসদে বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে সরকার কি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে যেয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি সংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।’

এর আগে যা ঘটেছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯ নভেম্বর তার দলের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে তার প্রস্তুতির অংশ হিসেবে গোপালগঞ্জে ১৫ নভেম্বর বিক্ষোভ করেছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিলকে ঘিরে সেখানকার পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছিল।

বিক্ষোভের ওই ঘটনার পর সেদিন বিকেলেই জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী থেকে সরিয়ে দিয়েছিল সরকার।

ওই দিন বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছিল। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দেওয়া ও পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সেদিনের বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র, লগি-বইঠা ও লাঠি দেখা গেছে। কয়েকটি স্থানীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

এর আগে গত দশই নভেম্বর গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: বিবিসি

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)