যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

ভৈরব বাঁচাতে নাগরিক উদ্যোগের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার সমন্বয় ঘটুক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
ভৈরব বাঁচাতে নাগরিক উদ্যোগের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার সমন্বয় ঘটুক

যে নদী একসময় জনপদের প্রাণ, যোগাযোগের মাধ্যম ও জীববৈচিত্র্যের আধার ছিল, তা এখন বদ্ধ নর্দমা। এই বিপর্যয় পরিবেশ তো বটেই, একটি জনপদের অস্তিত্ব ও নাগরিক জীবনের জন্যও অশনিসংকেত। যশোর শহরের বুকের ওপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের বর্তমান অবস্থা তেমনই এক উদ্বেগজনক বাস্তবতা। নদীর বুকে জমে থাকা কচুরিপানা, স্থির পানি, অসহনীয় দুর্গন্ধ এবং ভয়াবহ দূষণ শহরবাসীর জন্য এক দুঃসহ পরিস্থিতি তৈরি করেছে।

সুবর্ণভূমির প্রতিবেদন থেকে জানা যায়, ভৈরব নদের পুনঃখনন ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় নদ পুনঃখনন, ড্রেজিং এবং দড়াটানা এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজও হয়েছে। কিন্তু বিপুল অর্থ ব্যয়ের পরও শহরের গুরুত্বপূর্ণ অংশে নদটির প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বরং কোথাও কোথাও পানির প্রবাহ বন্ধ হয়ে কচুরিপানায় ভরে গেছে নদ। প্রশ্ন উঠতেই পারে, এত অর্থ ব্যয়ের পরও নদটির এই করুণ দশা কেন? প্রকল্প বাস্তবায়নের পর এর কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যাশিত সুফল নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কতটা কার্যকর ছিল, তার জবাবদিহি প্রয়োজন।

ভৈরবের এই বিপর্যয়ের অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচার বর্জ্য নিঃসরণ। শহরের অর্ধশতাধিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হোটেল-রেস্তোরাঁ এবং আবাসিক স্থাপনার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। বিশেষ করে হাসপাতালের অপরিশোধিত বর্জ্য, পয়োনিষ্কাশনের পানি ও অন্যান্য ক্ষতিকর উপাদান নদীর পানিকে ভয়াবহভাবে দূষিত করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যে শহরের দড়াটানা পয়েন্টে নদীতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ দশমিক ৮১ এবং জৈব রাসায়নিক অক্সিজেনের মাত্রা ৯ পাওয়া গেছে। এসব তথ্য নদীর পরিবেশগত বিপর্যয়ের গভীরতা তুলে ধরে। এই দূষণ শুধু জলজ প্রাণীর অস্তিত্বকেই বিপন্ন করছে না, জনস্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

এমন পরিস্থিতিতে দুই নারী চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা ও ডা. শুক্লা রহমানের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে তারা যেভাবে সাধারণ মানুষকে নদী পরিষ্কারের কাজে সম্পৃক্ত করেছেন, তা নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের আহ্বানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের কর্মীদের এগিয়ে আসা আশাব্যঞ্জক। অর্থের চেক গ্রহণ না করে স্বেচ্ছাশ্রমে মানুষকে সম্পৃক্ত করার আহ্বানও এই উদ্যোগের সামাজিক তাৎপর্য বাড়িয়েছে।

তবে কচুরিপানা অপসারণই ভৈরবের সংকটের সমাধান নয়। এটি সাময়িক পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে পারে, কিন্তু নদীর মূল সমস্যার সমাধান করতে পারে না। নদীর পানিতে বিষাক্ত ও সংক্রামক বর্জ্য মিশতে থাকলে কচুরিপানা সরানোর পরও দূষণ থেকেই যাবে।

ভৈরবকে বাঁচাতে হলে প্রথমেই নদের জায়গা দখল করে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ ও অপরিশোধিত বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও শিল্পপ্রতিষ্ঠানে কার্যকর বর্জ্য শোধনব্যবস্থা নিশ্চিত করতে হবে। নদীর পানি ও তলদেশের দূষণ নিয়মিত পরীক্ষা ও পানিপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে হবে। অপরিকল্পিত সেতুগুলোর প্রভাবও পর্যালোচনা করা জরুরি। পাশাপাশি নিয়মিত খনন, কচুরিপানা অপসারণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভৈরব রক্ষার দায়িত্ব কেবল কয়েকজন স্বেচ্ছাসেবক কিংবা পরিবেশকর্মীর নয়। পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। যারা নদীকে দূষিত করছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। প্রকল্পের নামে বিপুল অর্থ ব্যয়ের পরও নদীর প্রাণ না ফিরলে তার কারণ অনুসন্ধান ও এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

ভৈরবকে বাঁচানো মানে শুধু একটি নদকে বাঁচানো নয়; যশোরের পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা করা। দুই নারী চিকিৎসকের উদ্যোগ সেই দায়িত্বের কথাই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। তাদের এই প্রচেষ্টা যেন কেবল কচুরিপানা অপসারণের সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। নাগরিক উদ্যোগের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার সমন্বয় ঘটুক। ভৈরব আবার প্রবহমান হোক, নদীর জলে ফিরুক প্রাণ, দুই তীরে ফিরুক স্বস্তি ও সৌন্দর্য—এটাই যশোরবাসীর প্রত্যাশা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)