খুলনা অফিস
খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নগরের শিববাড়ি মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি (কাটআউট) লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর ব্যানারের একাংশে আগুন ধরে গেলে পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে এসে ওই ব্যানার লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হয়ে ব্যানারে আগুন ধরে গেলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলেও ধরতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আগুন দিতে পারলে সাত হাজার এবং বোমা নিক্ষেপ করতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়িঘরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
শফিকুল আলম তুহিন আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শিববাড়ি মোড়ে পুলিশের ক্যাম্প থাকলেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগেও একই মোড়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার চেষ্টা করেছিল নাশকতাকারীরা।