সম্পাদকীয়
শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলা। শুধু অবকাঠামো নির্মাণ করলেই যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কার্যকর ও সফল হয়ে ওঠে না, যশোরের মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ তার একটি দৃষ্টান্ত। প্রতিষ্ঠার পর প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে নয়জন শিক্ষার্থীর মধ্যে মাত্র দুজনের উত্তীর্ণ হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। বিশেষ করে অকৃতকার্য সাতজনের মধ্যে ছয়জনই গণিতে ফেল করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
২০২৪ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল অনেক। সরকারি উদ্যোগে কারিগরি শিক্ষার প্রসার ঘটবে, এলাকার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কর্মমুখী শিক্ষা লাভ করবে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা অমূলক ছিল না। অথচ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীসংকট, শিক্ষকস্বল্পতা এবং ব্যবস্থাপনাগত নানা সীমাবদ্ধতা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। অনুমোদিত চারটি ট্রেডের মধ্যে তিনটি চালু থাকলেও শিক্ষক সংকটের কারণে পোল্ট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং ট্রেড চালু করা যায়নি। ফলে কারিগরি শিক্ষার যে বহুমুখী সুযোগ তৈরির কথা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না।
সুবর্ণভূমির প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক রয়েছেন। অথচ শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম। শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা পড়ে থাকে। শিক্ষার উপকরণ ধুলোবালিতে নষ্ট হচ্ছে। অন্যদিকে, নবম শ্রেণির একজন শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষকদের পাঠদান অনেকটা দায়সারা। শিক্ষার্থীরা পড়াশোনা করছে কি না, সে বিষয়ে যথাযথ খোঁজখবরও রাখা হয় না। এসব অভিযোগ সত্য হলে তা অত্যন্ত হতাশাজনক। কারণ, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করা নয়; শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়াও তাদের দায়িত্বের অংশ।
প্রতিষ্ঠানটির অবস্থান নিয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। উপজেলা সদরের পরিবর্তে গ্রামাঞ্চলে এবং বাজার থেকে দূরে প্রতিষ্ঠানটি স্থাপন করায় শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হয়। আশপাশে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সংখ্যাও কম নয়। ফলে শিক্ষার্থীদের আকৃষ্ট করা কঠিন হয়ে পড়েছে। তবে অবস্থানগত সীমাবদ্ধতাকে শিক্ষার্থীসংকট ও ফলাফল বিপর্যয়ের একমাত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং প্রতিষ্ঠানের অবস্থান, যাতায়াতব্যবস্থা, স্থানীয় চাহিদা, শিক্ষার মান এবং ব্যবস্থাপনা—সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।
প্রশ্ন হলো, বিপুল সরকারি অর্থ ব্যয়ে প্রতিষ্ঠান নির্মাণের আগে কি যথাযথ সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল? স্থানীয় শিক্ষার্থীদের আগ্রহ, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং কর্মমুখী শিক্ষার চাহিদা কতটা বিবেচনায় নেওয়া হয়েছিল? সরকারি অর্থ জনগণের করের টাকা। তাই এর প্রতিটি ব্যয়ের বিপরীতে জনস্বার্থ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তবে এ অবস্থায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া কিংবা একে ব্যর্থ ঘোষণা করা কোনো সমাধান নয়। বরং প্রয়োজন কার্যকর উদ্যোগ ও জবাবদিহি। পাবলিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। গণিতে ছয়জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করে দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস ও বিশেষ পাঠদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষক সংকট দূর করে অনুমোদিত সব ট্রেড চালু করতে হবে। পাশাপাশি নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
২০২৭ সালে এ প্রতিষ্ঠান থেকে ২৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনের ফলাফলও হতাশাজনক হতে পারে। মনে রাখতে হবে, সরকারি অর্থে নির্মিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল একটি স্থাপনা নয়; এটি একটি এলাকার ভবিষ্যৎ নির্মাণের প্রতিষ্ঠান। তাই মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে অবহেলা কিংবা দায়সারা ব্যবস্থাপনার হাতে ছেড়ে দেওয়া যাবে না। দৃষ্টিনন্দন ভবনের পাশাপাশি চাই মানসম্মত পাঠদান, দক্ষ শিক্ষক, নিয়মিত তদারকি এবং সর্বোপরি জবাবদিহি। তাহলেই জনগণের অর্থের যথার্থ ব্যবহার নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সক্ষম হবে।