যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

এতিম শিশুদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজেরও

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
এতিম শিশুদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজেরও

একটি শিশুর বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আশ্রয়, নিরাপত্তা, স্নেহ ও শিক্ষা। কিন্তু যেসব শিশুর মাথার ওপর বাবা-মায়ের ছায়া নেই, কিংবা বাবা-মা থাকলেও চরম দারিদ্র্যের কারণে সন্তানের দায়িত্ব পালন করতে পারছেন না, তাদের জীবনে এসব নিশ্চিত করা কঠিন। এমন শিশুদের জন্য এতিমখানা ও মাদরাসাগুলো কেবল আবাসস্থল নয়, বরং বেঁচে থাকার অবলম্বন এবং ভবিষ্যৎ নির্মাণের আশ্রয়। যশোরের বিভিন্ন এতিমখানা ও মাদরাসাকে ঘিরে সুবর্ণভূমির সাম্প্রতিক প্রতিবেদন আমাদের সামনে যেমন আশার চিত্র তুলে ধরেছে, তেমনি দেখিয়েছে অসংখ্য সীমাবদ্ধতা।

যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানে এতিম ও অসচ্ছল পরিবারের শিশুরা থাকা, খাওয়া, চিকিৎসা ও শিক্ষার সুযোগ পাচ্ছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ সাধারণ শিক্ষা, এমনকি কোথাও কোথাও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। বিশেষ করে খাজা গরিবে নেওয়াজ বালিকা সদন এতিমখানায় ছাত্রীদের সেলাই প্রশিক্ষণ এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ প্রশংসনীয়। বিয়ের সময় সেলাই মেশিন উপহার দেওয়ার ব্যবস্থাটিও মেয়েদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার ক্ষুদ্র হলেও ইতিবাচক প্রয়াস। এসব উদ্যোগ প্রমাণ করে, যথাযথ পরিকল্পনা ও আন্তরিকতা থাকলে এতিমখানাগুলো শিশুদের শুধু আশ্রয় নয়, আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার পথও দেখাতে পারে।

তবে এই ইতিবাচক চিত্রের আড়ালে রয়েছে উদ্বেগজনক বাস্তবতা। কোনো প্রতিষ্ঠানে সরকারি অনুদানের আওতায় থাকা শিশুর সংখ্যা ৩০ থেকে কমে দশ হয়েছে, কোথাও ২৭ থেকে নেমে এসেছে ১৮-তে। অথচ শিশুদের খাবার, পোশাক, চিকিৎসা ও শিক্ষার ব্যয় কমেনি; বরং সময়ের সঙ্গে বেড়েছে। স্থানীয় দাতাদের অনিয়মিত সহযোগিতা এবং গ্রামীণ অর্থনীতির সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত অর্থসংকট মোকাবিলা করতে হচ্ছে। ফলে শিশুদের মৌলিক চাহিদা পূরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

যশোরে নিবন্ধিত ১২৪টি বেসরকারি এতিমখানার মধ্যে গত অর্থবছরে ৭৯টি প্রতিষ্ঠান ক্যাপিটেশন গ্র্যান্ট পেয়েছে। এর আওতায় ছিল এক হাজার ৭৫০ শিশু। বরাদ্দ ছিল চার কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা। এই পরিসংখ্যান একদিকে সরকারি সহায়তার উপস্থিতি তুলে ধরে, অন্যদিকে অনুদানের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর বাস্তবতা নিয়ে প্রশ্ন তৈরি করে। কোনো শিশু যেন শুধু প্রশাসনিক হিসাবের সীমাবদ্ধতা কিংবা বরাদ্দের অভাবে প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটিও নিশ্চিত করা দরকার। প্রকৃত অসহায় শিশুদের চাহিদা বিবেচনায় নিয়ে অনুদানের আওতা ও বরাদ্দ পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও মানসিক বিকাশ। কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিশুদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠিয়ে সাহায্য সংগ্রহের অভিযোগ রয়েছে। শিশুদের দিয়ে এ ধরনের কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতিমখানার দায়িত্ব শিশুদের ভিক্ষাবৃত্তি বা অর্থ সংগ্রহের কাজে ব্যবহার করা নয়; বরং তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক শৈশব নিশ্চিত করা। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।

শুধু খাবার ও থাকার ব্যবস্থা করলেই একটি শিশুর প্রতি দায়িত্ব শেষ হয় না। পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত এসব শিশুর মানসিক চাহিদার প্রতিও বিশেষ মনোযোগ দিতে হবে। ঈদ কিংবা ছুটির দিনে অন্য শিশুরা যখন পরিবারের কাছে ফিরে যায়, তখন এতিমখানার অনেক শিশুর মনে জমে ওঠে গভীর শূন্যতা। তাদের জন্য বিনোদন, মানসিক পরিচর্যা, খেলাধুলা এবং স্নেহপূর্ণ পরিবেশ নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি আলাদা শ্রেণিকক্ষ, পর্যাপ্ত আবাসন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্রের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোরও এগিয়ে আসা প্রয়োজন। তবে সহায়তা যেন কেবল উৎসবকেন্দ্রিক বা সাময়িক না হয়ে নিয়মিত ও পরিকল্পিত হয়। প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদি সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।

প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কেউ হাফেজ হতে চায়, কেউ শিক্ষক, কেউবা নিজের পায়ে দাঁড়াতে চায়। সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া কোনো দয়া নয়, বরং আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। এতিমখানার চার দেয়ালের মধ্যে শিশুদের বাঁচিয়ে রাখাই যথেষ্ট নয়; তাদের যোগ্য, আত্মনির্ভরশীল ও মর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)