জিয়াউস সাদাত
, দুবলার চর থেকে
সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাস উৎসব মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ হয়েছে। ভোরে সূর্যোদয়ের মুহূর্তে বঙ্গোপসাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্যদিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করেন পুণ্যার্থীরা।
স্নান ও প্রার্থনার মাধ্যমে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার ভোরে দুবলার চরের আলোর কোল সমুদ্রসৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এ সময় পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে বসে সাগরপানে মুখ করে মন্ত্র পাঠ করেন এবং মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বালন করেন।
এরপর উলুধ্বনি ও প্রসাদ বিতরণ শেষে তারা সাগরের জলে পুণ্যস্নানে অংশ নেন।
এই স্নানের মধ্য দিয়ে সব পাপ মোচন হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। এবারের উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক নারী পুণ্যার্থীর পাশাপাশি ৩৪ জন বিদেশি দর্শনার্থীও অংশ নেন।
পুণ্যস্নান শেষে মঙ্গলবার সকাল থেকেই শত শত ট্রলার ও জালিবোটে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা।

সন্ধ্যার মধ্যেই সবাই দুবলার চর ত্যাগ করবেন বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘রাস উৎসব উপলক্ষে নির্দিষ্ট রাজস্ব গ্রহণের মাধ্যমে তিন দিনের অনুমতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই অনুমতির শেষ দিন। এরপর কেউ এ এলাকায় অবস্থান করলে তার বিরুদ্ধে বন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শতবর্ষী এই ধর্মীয় আয়োজন।
বিকেল ৫টায় রাস মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং রাত ১১টার পর মূল পূজা শুরু হয়।
সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি ও মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যে উৎসব জমে ওঠে। রাতভর পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগরপাড়ে জড়ো হন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ জানায়, এবারের রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬টি ট্রলারের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাটে ৪০৯টি ট্রলারে আট হাজার ৭০৬ জন এবং খুলনায় ১৭টি ট্রলারে ৪০৫ জনকে প্রবেশাধিকার দেওয়া হয়।
তবে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি হিসাবের বাইরেও খুলনা ও সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থী এবারের উৎসবে অংশ নিয়েছেন।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে রাস উৎসবকালে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদের নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্য প্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
উল্লেখ্য, ১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে দুবলার চরে এই রাস উৎসবের সূচনা হয়। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ পূজা পালিত হয়ে আসছে।