চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড়ভাই জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা পায়।
পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। তার স্ত্রী মারা গেছেন এবং তার চার কন্যা সন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময় ট্রেনে ঘুরে বেড়াতেন।