স্টাফ রিপোর্টার
, যশোর
আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে চাঁদাদাবির অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন রবিউল ইসলাম। সোমবার (১০ আগস্ট) যশোর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে তিনি এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত মৌসুমী আক্তার মৌ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।
বাদী রবিউল ঝিনাইদহ কোটচাঁদপুর থানার মোহনপুর গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত মৌসুমীর সাবেক স্বামী।
সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, চলতি বছরের ১২ মার্চ রবিউল ইসলাম ও মৌসুমীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে মনোমালিন্যের জেরে মাত্র কয়েকদিন পর ১৭ মার্চ তাদের খোলা তালাক সম্পন্ন হয়। এসময় মৌসুমী আক্তার মৌকে দেনমোহর ও খোরপোষের টাকা বুঝে দেওয়া হয়।
বিয়ের পর সংসার চলাকালে আসামি তার সঙ্গে মেলামেশার ভিডিও, স্থিরচিত্র ও বিভিন্ন আপত্তিকর ছবি গোপনে মোবাইলফোনে ধারণ করে রেখেছিলেন। পরে এসব ছবি ও ভিডিও আসামির ব্যবহৃত একাধিক ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
রবিউল ইসলামের পিতা অসুস্থ হয়ে ৪ আগস্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
সেখানে তিনি ফেসবুকে তার নিজের আপত্তিকর ছবি দেখতে পান। বিষয়টি জানতে পেরে তিনি আসামির সঙ্গে যোগাযোগ করে এসব ছবি ও ভিডিও অপসারণের অনুরোধ করেন।
এসময় আসামি তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি মৌ বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে ছবি ছড়িয়ে দেয়। এতে রবিউল ও তার পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা দায়ের করেন।