স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকের আলাদা দুটি মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বুধবার (১২ আগস্ট) ওই সাজা দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং শহরের বারান্দী মাঠ পাড়ার ওসমান খানের ছেলে জনি খান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারি রাত পৌনে ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই আব্দুর রহিম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর- রঘুনাথপুর রোডের পুকুরকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করেন। এই ঘটনায় থানায় মামলা হয়। মামলার বুধবার ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সাজা দেন। আসামি আলমগীর জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।
অন্য দিকে যশোর সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদ ২০১৭ সালের ১৪ জুন বেলা পৌনে ২ টার দিকে বারান্দী খালধার রোডে অভিযান চালিয়ে জনিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়। এ মামলায় ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বুধবার জনিকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত জনি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।