স্টাফ রিপোর্টার
, যশোর
হেরোইন রাখার দায়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মাদক ব্যবসায়ী মো. মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।
মহাসিন ভবেরবেড় গ্রামের কালু শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহাসিনকে আটক ও দেহ তল্লাশি করে একশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত মহাসিন কারাগারে আটক আছেন।