খুলনা অফিস
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় গ্রামীণ ব্যাংকের চার সাবেক কর্মকর্তাকে মোট ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের মোট সাত লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও চার বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, একই ব্যাংকের সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস এবং সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।