লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ হাজার টাকা উদ্ধারসহ আশরাফুল মোল্যা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার আশরাফুল মোল্যা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্যার ছেলে। পুলিশ তাকে চিহ্নিত মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মো. মিন্টু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল লোহাগড়া শহরের পার ছাতড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আশরাফুল মোল্যাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আশরাফুল মোল্যাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।