খুলনা অফিস
খুলনার রূপসা উপজেলায় মামুন মীর (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তার স্বজনদের দাবি, চোখ ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন মামুন।
মামুন মীর উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, বাগমারা গ্রামের বাসিন্দা মামুন মীর নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।