মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগে মামুন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়পুর গ্রামের হাইলদ্দি শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মামুন সদর উপজেলার আশরাফপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মামুনকে রায়পুর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি হাইলদ্দি শেখের বাড়িতে গিয়ে মাদক উদ্ধারের কথা বলে তল্লাশি শুরু করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চান।
এ সময় মামুন প্রথমে নিজেকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। পরে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তিনি নিজেকে চুয়াডাঙ্গায় কর্মরত এনএসআই সদস্য বলে দাবি করেন। বিষয়টি নিশ্চিত হতে স্থানীয়রা চুয়াডাঙ্গা এনএসআই কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, মামুন নামে কোনো কর্মকর্তা বা সদস্য সেখানে কর্মরত নেই।
পরে স্থানীয়রা মেহেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, মামুনের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, একটি পরিচয়পত্র ও ক্যাপ উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রী তার কাছে কীভাবে এলো এবং সরকারি সংস্থার পরিচয় ব্যবহার করে তিনি কেন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তার কাছে পাওয়া সামগ্রীর উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে। অনুসন্ধান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।