স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের রূপদিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় রূপদিয়া চাউলিয়া গোডাউন এলাকার ব্যবসায়ী ইকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা তার তিন মেয়ের ঘরের আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ইকরাম হোসেনের স্ত্রী আলিফা খাতুন জানান, মঙ্গলবার রাতে পাশের বাড়িতে তার খালাতো বোনের হলুদসন্ধ্যার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তার তিন মেয়ে রানী, পরী ও রাখি রাত ১১টার দিকে বাড়িতে ফেরে। এরপর তারা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো বাড়ির বাইরের কলাপসিবল গেটে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।
তিনি বলেন, রাতে কোনো একসময় চোরেরা বাড়িতে ঢুকে তার তিন মেয়ের ঘরে থাকা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় তারা বিভিন্ন ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে রেখে যায়। তবে পরিবারের কেউই চুরির সময় কোনো শব্দ বা কোনো ঘটনা টের পাননি।
ইকরামের বড় মেয়ে ইসরাত অন্তরা রানী জানান, ভোর ৪টার দিকে প্রাকৃতিক প্রয়োজনে তার ঘুম ভাঙে। এ সময় তিনি দেখতে পান, তার ঘরের লাইট বন্ধ। সাধারণত রাতে তার ঘরে লাইট জ্বালানো থাকে। এসময় তিনি দেখতে পান, আলমারি খোলা এবং ভেতরের জিনিসপত্র তছনছ করা।
পরে ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাবা-মায়ের ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো। এরপর তাদের ঘরে ঢুকে ডাকাডাকি করে ঘুম ভাঙানো হয়। পরিবারের সদস্যরা উঠে দেখতে পান, ঘরের আসবাবপত্র ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বিছানাও এলোমেলো অবস্থায় পড়ে আছে।
ইসরাত অন্তরা রানী বলেন, এত কিছু ঘটে গেলেও পরিবারের কেউ চুরির বিষয়টি আগে টের পাননি। চোরেরা বাড়ির কলাপসিবল গেটের দুটি তালাও নিয়ে গেছে।
খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।