স্টাফ রিপোর্টার
, যশোর
বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় চোরাচালানি পণ্য
ছবি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন লাখ ৮১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারত থেকে চোরাপথে আসা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, নয় প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, এক কেজি ৫০০ গ্রাম কিশমিশ, ২৪০টি চকলেট এবং ৭০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৮১ হাজার ৩০০ টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।