কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত যুবকের নাম হাসান শেখ (২৫)। তিনি কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ আলী শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকালে চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় গুলি ও হামলায় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসান শেখের মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, নিহত হাসান শেখের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।