কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনের মারকি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃ ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৫২), আইয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০) ও আবুল হাসান (৩০)। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক ও বিষ দিয়ে শিকার করা চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজমিনুল ইসলামের নেতৃত্বে নলিয়ান স্টেশনের বনরক্ষীরা এই অভিযান চালান।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হাছানুর রহমান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।