খুলনা অফিস
খুলনা নগরীর খালিশপুরের প্যাটকাবাজার এলাকায় মাদককেন্দ্রিক বিরোধের জেরে রাজ্জাক তালুকদারের বাড়িতে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে রাজ্জাকের বাড়িসহ পাশের একটি ঘরে ভাঙচুর চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি।
রাজ্জাক তালুকদারের অভিযোগ, সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক তার কাছে মাদক কিনতে আসেন। তিনি মাদক বিক্রি করেন না জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই যুবকেরা তার গামছা ধরে টান দেন। পরে তিনি তাদের ধাক্কা দিয়ে আশপাশের লোকজনকে ডাকলে তারা চলে যান।
রাজ্জাকের দাবি, সন্ধ্যার পর ওই যুবকেরা দলবল নিয়ে তার বাড়ির সামনে এসে হামলা চালান এবং গুলি ছোড়েন। হামলাকারীদের মধ্যে বৈকালীর জাকিরের ছেলে রাকিব ও ভুট্টার নাম উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, তাকে খুঁজতে হামলাকারীরা বাড়িতে আসেন। তাকে না পেয়ে ঘরবাড়িতে ভাঙচুর করেন এবং বাইরে থেকে গুলি ছুড়ে চলে যান।
প্রতিবেশী এক নারী জানান, হামলাকারীরা তার ঘরেও ঢুকে রাজ্জাক ও তার ছেলের বউয়ের খোঁজ করেন। তাদের না পেয়ে ঘরের ফ্রিজ ও বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা রাস্তা থেকে গুলি করতে করতে রাজ্জাকের বাড়ির দিকে এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেন।
খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, প্যাটকাবাজারে মাদককে কেন্দ্র করে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, রাজ্জাক একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি এ ব্যবসা করেন না বলে জানিয়েছেন।