স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ইসলাম (২২) ও তার দাদা মুক্তার শিকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত জুবায়েরের পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের উপশহর তেল পাম্পের সামনে ট্রাকস্ট্যান্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুবায়ের ইসলাম যশোর শহরের সেন্ট্রাল রোড এলাকার টিপুর ছেলে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ শাকিল (৩২), মোহাম্মদ হৃদয় (৩০), মোহাম্মদ রিজভী (২৬), মোহাম্মদ বাবলুসহ (২৮) অজ্ঞাত আরও ৫-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে জুবায়ের ও তার দাদাকে এলোপাতাড়ি মারধর করে জখম করেন।
জুবায়েরের পরিবারের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাকে ব্যবসায়িক দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। দোকান না ছাড়ায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
তবে একটি সূত্রের দাবি, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জুবায়েরের সঙ্গে শাকিলের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে শাকিল কয়েকজনকে সঙ্গে নিয়ে জুবায়েরকে মারধর করতে যান। এ সময় জুবায়েরের দাদা মুক্তার শিকদার বাধা দিতে গেলে তিনিও হামলার শিকার হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা নেওয়ার পর জুবায়ের এ ঘটনায় মামলা করার উদ্দেশ্যে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মারামারির ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।