স্টাফ রিপোর্টার
, যশোর
জমি লিখে নিয়ে বাবাকে হত্যার অভিযোগে যশোরের আদালতে দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) মরহুম ছামাদ দফাদারের দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—নিহতের বড় ছেলে হায়দার আলী, আরেক ছেলে আব্দুল কুদ্দুস, পুত্রবধূ রাবেয়া বেগম, নাতি সাইদুর এবং সহযোগী নুর ইসলাম ও আব্দুল হান্নান।
মামলার বিবরণে বলা হয়েছে, যশোর সদর উপজেলার হাটবিলা মৌজার আরএস ১৮৬৭, ১৮৬৮ ও ১৮৭০ দাগের জমির মধ্যে ক্রয়সূত্রে ১৩ শতক জমির মালিক ইদ্রিস আলী। সেখানে বড়ভাই হায়দার আলীর একটি মাছের পুকুর থাকায়, বিনিময়ে আরএস ১১৪৪ দাগের ৩৯ শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই শর্তে ২০২০ সালে ইদ্রিস আলী ১৩ শতক জমি হেবা দলিল করে দিলেও পরবর্তীতে তাকে আর কোনো জমি দেওয়া হয়নি।
এর আগে ২০১৯ সালে বাবাকে ভুল বুঝিয়ে আসামিরা প্রায় এক কোটি টাকার সম্পত্তি লিখে নেন। বাবা ছামাদ দফাদার ওই দলিল বাতিল ও ইদ্রিস আলীর জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে আসামিরা ক্ষিপ্ত হন।
বাদীর অভিযোগ, জমি বিরোধের জেরে আসামিরা তার বাবাকে হত্যা করে তড়িঘড়ি দাফন করেছেন। গত ১১ অক্টোবর তিনি ভাইদের বাড়িতে গিয়ে বাবার মৃত্যুর কারণ জানতে চাইলে তাকে তাড়িয়ে দেওয়া হয়।