লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় চটপটি খেয়ে টাকা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আরমান মোল্যা (১৬) নামে এক কিশোরকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয়রা লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার নারায়ণ সাহার চটপটির দোকান বন্ধ করে দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আরমান মোল্যা চরভাটপাড়া গ্রামের মৃত মিঠু মোল্যার ছেলে। সে লক্ষ্মীপাশা এলাকার নিজাম হোটেলের কর্মচারী।
পুলিশ ও বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আরমান লক্ষ্মীপাশা এলাকায় চটপটি খেতে যায়। এ সময় চটপটি খেয়ে টাকা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের দি কাচ্চি ভাই রেস্টুরেন্টের তিনতলায় নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, চটপটি বিক্রেতা নারায়ণ সাহার ছেলে দিগন্ত সাহা, রউফ মোল্যার ছেলে বাঁধন ও কবির হোসেনের ছেলে আপনসহ অজ্ঞাতপরিচয় আরও দু'জন স্টিলের পাইপ ও লাঠি দিয়ে আরমানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
পরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।