স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শনিবার (২ মে) মামলাটি করেন ওই এলাকার আব্দুস সালাম। মামলায় আসামি করা হয়েছে প্রতিবেশী বিষ্ণুপদর ছেলে প্রসেনকে।
মামলায় উল্লেখ করা হয়, আব্দুস সালাম শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে বাসার সামনের ফাঁকা মাঠে ভাঙারির কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী প্রসেন তাকে গালিগালাজ করেন।
প্রতিবাদ করলে প্রসেন হাতে থাকা লোহার শাবল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার বাম হাতের কবজির কাছে আঘাত লাগে এবং দুটি আঙুলের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
এছাড়া তার দুই পা ও ডান চোখের ওপর আঘাত করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
এ সময় তার স্ত্রী রহিমা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
অভিযোগে আরও বলা হয়, রহিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যান।
পরে স্থানীয়রা আহত আব্দুস সালাম ও তার স্ত্রীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, আসামি প্রসেনকে ধরতে পুলিশ কাজ করছে।