স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটকরা হলেন বারান্দি মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।
এ ঘটনায় ভুক্তভোগী মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন।
পলাতক অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।
রফিকুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।
পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে যশোর কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
প্রাণভয়ে তিনি পরিচিতজনের মাধ্যমে টাকা সংগ্রহ করে আসামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।
পুলিশ ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে। ৫ মে বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি পালসার ব্রান্ডের মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।