সুবর্ণভূমি ডেস্ক
প্রতীকী ছবি
ছবি:
নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস দিয়ে শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) গজারিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, গজারিয়া বাজারের পাশের গজারিয়া চরকারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে রামিন। রিপন মিয়া গজারিয়া বাজারের ক্ষুদ্র স্যানিটারি ব্যবসায়ী। সকাল ৯টার দিকে গজারিয়া বাজারের ঢেউটিন ব্যবসায়ী দাদা আমজাদ হোসেনের দোকানে আসে আট বছর বয়সি রামিন। কিছুটা মানসিক সমস্যা থাকায় দিনের বেশিরভাগ সময়ই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আনন্দ করে দিন কাটায় সে।
গজারিয়া বাজারেই রয়েছে ফয়সাল মিয়ার গ্যারেজ। সেখানে রিকশা, ইজিবাইকসহ বাইসাইকেল মেরামত ও হাওয়া দেওয়ার কাজ করা হয়। বাজারে গিয়ে এ গ্যারেজে খেলা করছিল রামিন। এ সময় প্রতিবেশী লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া তার পায়ুপথ দিয়ে মেশিনের সাহায্যে বাতাস দেয়।
এ অবস্থায় রামিনের পেট বাতাসে ফুলে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় রামিনের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়। তাকে প্রথমে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা শিশু রামিনকে ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টর এলাকায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।