স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসার মতো ঘটনা ঘটেছে। গাঁজা উদ্ধার করতে গিয়ে একটি বিদেশি অস্ত্র ও গুলিসহ রবিউল ইসলাম নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (১২ মে) সকালে যশোর শহরতলীর বিরামপুর নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে এবং নওয়াপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রবিউল তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মাদক মজুদ করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়।
এসময় রবিউলকে আটকের পর তার ঘর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তল্লাশি চলাকালীন একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার হওয়ায় অভিযানকারী দল চমকে যায়।
আটক রবিউলকে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে রাখা হয়েছে। পরিদর্শক নাজমুল হোসেন আরও জানান, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। যুবদল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’