স্টাফ রিপোর্টার
, যশোর
সম্পর্কের অবনতি হওয়ায় স্ত্রীর সম্মতি ছাড়াই তার নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
অভিযুক্ত স্বামীর নাম আব্দুর রহমান জীম (২৬)। তিনি ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ভুক্তভোগী নারীর নালিশি অভিযোগটি আমলে নিয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন বিষয়টি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে ১৯ বছর বয়সী ওই নারী উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ এপ্রিল জীমের সাথে তার বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তিনি সন্তানসম্ভবা হলে জীম জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করে দেন।
এই ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয় এবং ভুক্তভোগী নারী আলাদা থাকতে শুরু করেন। সন্তান নষ্ট করার অভিযোগে তিনি এর আগে জীমের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগ দিয়েছিলেন।
এতে ক্ষিপ্ত হয়ে জীম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সংসার চলাকালীন সময়ে কৌশলে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ও অর্ধনগ্ন ছবি একটি ফেসবুক পেজ খুলে ছড়িয়ে দেন।
এছাড়া গত ৪ মে জীম ফোন করে হুমকি দেন যে, বিয়ে বহাল না রাখলে আরও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ছবিগুলো ওই নারীর হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও পাঠানো হয়।
সামাজিকভাবে চরম মানহানির শিকার হয়ে ওই নারী শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।