মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে এদিন সাচিলাপুর ও রাধানগর বাজারের বিভিন্ন তেল মিল, মুদি দোকান ও মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, খাবারে অননুমোদিত ক্ষতিকর রঙ ব্যবহার, ফ্রিজে সঠিক নিয়মে খাবার সংরক্ষণ না করা এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার অপরাধে সাচিলাপুর বাজারের 'মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডার'-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রাধানগর বাজারে যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় 'মেসার্স রাজ্জাক তেল মিল'-কে তিন হাজার টাকা এবং 'মেসার্স জালাল তেল মিল'-কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।