স্টাফ রিপোর্টার
, যশোর
নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে যশোরে ‘উত্তম কৃষিচর্চা (GAP)’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) দুপুরে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক সীড এর আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উত্তম কৃষিচর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন শীর্ষক এই কর্মশালায় যশোরের বিভিন্ন উপজেলার ৮০ জন বীজ ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এখানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের যশোর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আল আমিন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কৃষকদের সঠিক বীজ, সার এবং জৈব বালাইনাশকের ব্যবহারে অভ্যস্ত করতে হবে। পরিবেশসম্মত উপায়ে সবজি ও খাদ্য উৎপাদনের জন্য তিনি উপস্থিত ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ব্র্যাক সিডের প্রোডাক্ট ম্যানেজার (আলু) এএসএম নাজমুল হক এবং প্রোডাক্ট ম্যানেজার (জৈব বালাইনাশক) আরাফাত সাদাত। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আক্তারুল ইসলাম ও লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের টেরিটোরি সেলস অফিসার মো. শাখাওয়াত হোসেন অনি। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে টেকসই কৃষি প্রযুক্তির প্রচার ও প্রসারে বিশেষ সচেতনতা তৈরি করা হয়।