পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৬ মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও সতর্ক করে বলেন, ধান বিক্রির ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর অনিয়ম বরদাশত করা হবে না; প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা রাখা হয়েছে, যেখানে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
আগামী ৩১ আগস্টের মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ সম্পন্ন করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য গুদাম কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।