স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের কোতোয়ালি চৌগাছা ও বাঘারপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কফ সিরাপসহ মোট ছয়জনকে আটকের দাবি করেছে পুলিশ। ডিবি পুলিশ জানিয়েছে, বাঘারপাড়া থানার খাজুরা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুজন আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর থানার মনোহরপুর ইছালি গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে জহিরুল হক তুহিন ও খাজুরার ইসরাইল বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ মে) রাতে ডিবি পুলিশের একটি দল খাজুরার ফুড গোডাউন এলাকায় এক বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘর থেকে রাহুল ও তুহিন নামে দুইজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে ডিবি পুলিশের আরেকটি দল চৌগাছার পুড়াপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ফারুক হোসেনকে তার বাড়ির সামনে থেকে আটক ও তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফারুক চৌগাছার পুড়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।
অন্যদিকে শুক্রবার রাতে যশোর সদর উপজেলার জগহাটি গ্রাম থেকে ৩০ বোতল উইনকোরেক্স সিরাপসহ শামীম রেজা নামে এক যুবককে আটক করা হয়। আটক শামীম ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মনতাজ মৃধার ছেলে।
শুক্রবার রাত ১১ টার দিকে যশোরের শার্শা থানা পুলিশ আমলাই এলাকায় ইসমাইল হোসেন বেকার বাড়ির সামনে থেকে আবু সাঈদ নামে এক যুবককে আটক করেছে। সাঈদ ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। এসময় ইসমাইল হোসেন বেকা মাদক বিক্রির দুই হাজার ৮৪০ টাকা ফেলে পালিয়ে যায়। বেকা ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
এছাড়াও শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চৌগাছা থানা পুলিশ উপজেলার হুদা গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকরামুল হোসেন নামে এক যুবককে আটক করেছে। ইকরামুল চৌগাছা থানার হুদা গ্রামের মৃত কাঞ্চনের ছেলে।