স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১০ জুন) দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম্প সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি ও রাকিব। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তারা 'সায়রা পরিবহন' নামের একটি বাসে করে যশোরে ফিরছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে কিসমত নওয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে এনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় একদল যুবকের সাথে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় এনামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।