যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:৩০ পিএম
প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য আটক

যশোরের এক মালয়েশিয়া প্রবাসীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে, সড়ক দুর্ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে তার পরিবারের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসুখালী গ্রামের আব্দুর রাজ্জাক গাজী (৩৯) এবং পশ্চিম নলতা গ্রামের আবীর হোসেন (২৫)।

ডিবি সূত্রে জানা গেছে, ঝিকরগাছা থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটক আব্দুর রাজ্জাক গাজীর কাছ থেকে নগদ ৩৫ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া আবীর হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত সিম কার্ড উদ্ধার করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর মালয়েশিয়া প্রবাসী বিপ্লব হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারক চক্রটি। এরপর প্রবাসীর স্ত্রীকে ফোন করে বলা হয়, তার স্বামী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন।

স্বামীর আকস্মিক বিপদের কথা শুনে আতঙ্কিত ভুক্তভোগী নারী ও তার স্বজনরা প্রতারকদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ৬ লাখ ৯০ হাজার ৪৫৫ টাকা পাঠান। পরবর্তীতে সরাসরি স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানতে পারেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দুর্ঘটনার কোনো ঘটনাই ঘটেনি।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রবাসীর স্ত্রী ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তভার পাওয়ার পর ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করেন। আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)