ঝিনাইদহ প্রতিনিধি
মাদক কেনাবেচার সময় এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, বিএনপি নেতাসহ তিনজনকে তিনশ’ পিস ইয়াবাসহ আটকের দাবি করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া গ্রামের আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক সাগান্না ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি ডাকবাংলা এলাকার এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া তানভীর আহমেদ ওরফে রুপম সাধুহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কামালের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম বলছেন, ডাকবাংলা বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।