যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা

চৌগাছা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০৮:৪৪ পিএম
চৌগাছায় বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪২) নামে একজন বিএনপি কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসমান (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ।

রোববার (২১ জুন) আছর নামাজের পর উপজেলার চৌগাছা, সিংহঝুলি ও ধুলিয়ানী ইউনিয়নের মধ্যবর্তী বেড়গোবিন্দপুর বাঁওড়ের খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আতিয়ার রহমান উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের বাসিন্দা। তার পিতা ছবেদ আলী চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য।

শারীরিকভাবে কিছুটা সমস্যাগ্রস্ত আতিয়ার বেড়গোবিন্দপুর বাঁওড়ে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে বাঁওড়ের পাশে থাকা তার একটি গভীর নলকূপের মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রম পরিচালনা করতেন।

বাবা ছবেদ আলী ও ছোট ভাই রাশেদ লাশ উদ্ধারের স্পট থেকে জানান, আতিয়ার প্রতিদিন সকালে বাড়ি গেলেও রোববার বাড়ি যাননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

এক পর্যায়ে রোববার (২১ জুন) বিকাল ৫টার দিকে নিহতের ভাতিজা হাসান (২৬) বেড়গোবিন্দপুর বাঁওড়ের ক্যানালের (বাওড়ে পানি প্রবেশের খাল) কচুরিপানার নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান।

তার চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে চৌগাছা থানা পুলিশে সংবাদ দেন। পরে চৌগাছা থানার ওসির নেতৃত্বে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সন্দেহজনকভাবে ফতেপুর গ্রামের হাফিজুরের ছেলে ওসমানকে (৩০) ধরে মারপিট করেন নিহতের স্বজনরা। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি এমএ সালাম জানান, আতিয়ার বিএনপির কর্মী ছিলেন। তার বাবা চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সদস্য।

তিনি জানান, বেড়গোবিন্দপুর বাঁওড় ঘিরে তাদের সাথে কিছু লোকের বিরোধ ছিল। তারা আগেও তাকেসহ তার পরিবারের লোকজনকে আহত করেছিলেন। সে বিষয়ে মামলাও হয়েছিল।

তিনি বলেন, যে বা যারাই এই নিকৃষ্ট হত্যাকাণ্ডে জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

সন্ধ্যায় চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন পাটোয়ারীর নেতৃত্বে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছিল। পরে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে নিহতের গলা ও পেট এবং পিঠের ডানপাশে বগলের নীচে কাটার দাগ রয়েছে। এ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে আটকের অভিযানে রয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)