তসলিম শিমুল
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই মাঠের খেলার পাশাপাশি আলোচনায় এসেছে নতুন একটি বিষয়- ’ফিফা লিগ্যাসি ব্যাজ’। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের সম্মান জানাতে প্রথমবারের মতো এই বিশেষ ব্যাজ চালু করেছে ফিফা। আর সেই তালিকার প্রথম সারিতেই রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপের ম্যাচে তাদের জার্সির হাতার দিকে তাকালেই দেখা যাচ্ছে একটি আলাদা ব্যাজ। এটি সাধারণ কোনো অলংকার নয়, বরং বিশ্ব ফুটবলে তাদের দীর্ঘ অবদান ও অসাধারণ কীর্তির স্বীকৃতি।
কী এই ‘ফিফা লিগ্যাসি ব্যাজ’
ফিফার নতুন এই ব্যাজটি এমন সব ফুটবলারদের জন্য, যারা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের পারফরম্যান্স, ধারাবাহিকতা ও প্রভাব দিয়ে বিশেষ মর্যাদা অর্জন করেছেন। জার্সির হাতায় থাকা অফিসিয়াল বিশ্বকাপ স্লিভ ব্যাজের ঠিক নীচে বসানো হয়েছে এই ‘ঋওঋঅ ডড়ৎষফ ঈঁঢ় খবমধপু’ ব্যাজ।
এতে ফুটবলারের নাম, দেশের পতাকা এবং অনেক ক্ষেত্রে তার বিশেষ পরিচয়ও তুলে ধরা হয়েছে। যেমন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যাজে তার বিখ্যাত ‘ঝওটটট’ উদযাপনের উল্লেখ রয়েছে।
কেন মেসি-রোনালদো
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো- দুজনেরই বিশ্বকাপ অভিষেক ২০০৬ সালে জার্মানিতে। ২০২৬ বিশ্বকাপ তাদের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসেই বিরল কীর্তি।
মেসি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে রোনালদো এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ না পেলেও তিনি পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিশেষ লিগ্যাসি ব্যাজ।
শুধু মেসি-রোনালদো নন
এই বিশেষ সম্মান পেয়েছেন আরও কয়েকজন কিংবদন্তি ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, জার্মানির ম্যানুয়েল নয়্যার এবং জাপানের ইউতো নাগাতোমো। ভবিষ্যতে নির্ধারিত মানদণ্ড পূরণ করা আরও খেলোয়াড় এই তালিকায় যুক্ত হতে পারেন।
বিশ্বকাপে আরও নতুন ব্যাজ
২০২৬ বিশ্বকাপে শুধু লিগ্যাসি ব্যাজই নয়, আরও কয়েক ধরনের বিশেষ ব্যাজ চালু করেছে ফিফা।
গোল্ড ওয়ার্ল্ড কাপ ব্যাজ: অতীতে বিশ্বকাপ জয়ী দেশগুলোর খেলোয়াড়রা এই ব্যাজ পরে খেলছেন।
ডেবিউ ওয়ার্ল্ড কাপ ব্যাজ: যে দেশগুলো এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে, তাদের জার্সিতে রয়েছে এই ব্যাজ।
লিগ্যাসি ব্যাজ: পাঁচ বা তার বেশি বিশ্বকাপ খেলা ফুটবলারদের জন্য।
এছাড়া অতীতের সেরা গোলরক্ষকদের জন্যও বিশেষ স্বীকৃতিমূলক ব্যাজ রাখা হয়েছে।
নতুন ইতিহাসের সূচনা
বিশ্বকাপ মানেই নতুন ইতিহাসের জন্ম। সেই ইতিহাসকে আরও মর্যাদা দিতে এবার প্রথমবারের মতো ‘ফিফা লিগ্যাসি ব্যাজ’ চালু করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে শুধু বর্তমানের তারকাদের নয়, বিশ্বকাপের মঞ্চে বছরের পর বছর ধরে অসাধারণ অবদান রাখা কিংবদন্তিদেরও বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে। আর সেই সম্মানের প্রথম সারিতেই রয়েছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা- লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
লেখক: ক্রীড়ালেখক