হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প
তসলিম শিমুল
, যশোর
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অসংখ্য কিংবদন্তির নাম লেখা আছে। কিন্তু এমন কিছু গল্প রয়েছে, যা শুধু ফুটবলের নয়, মানুষের অদম্য ইচ্ছাশক্তিরও প্রতীক। তেমনই এক নাম হেক্টর কাস্ত্রো। ছোটবেলায় দুর্ঘটনায় একটি হাত হারিয়েছিলেন। তখন তো তার জীবনই যেন থেমে যাওয়ার কথা! অথচ সেই মানুষই ১৯৩০ সালের প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের হয়ে গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম স্থায়ীভাবে লিখে দেন।
দারিদ্র্য আর দুর্ঘটনার সঙ্গে লড়াই
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর একটি দরিদ্র পরিবারে জন্ম হেক্টর কাস্ত্রোর। শৈশবটা ছিল সংগ্রামে ভরা। সংসারের অভাবের কারণে খুব অল্প বয়সেই তাকে কাজে নেমে পড়তে হয়। মাত্র দশ বছর বয়সে কাঠ কাটার কাজ শুরু করেন।
১৩ বছর বয়সে বৈদ্যুতিক করাত দিয়ে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তেই বদলে যায় তার জীবন। অনেকেই হয়তো এমন পরিস্থিতিতে স্বপ্ন ছেড়ে দিতেন। কিন্তু কাস্ত্রো হার মানেননি। বরং নিজের সীমাবদ্ধতাকেই শক্তিতে পরিণত করেছিলেন।
‘এক হাতের দেবতা’
উরুগুয়েতে হেক্টর কাস্ত্রো পরিচিত ছিলেন ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ ‘এক হাতের দেবতা’ নামে। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তাকে থামাতে পারেনি। বরং মাঠে তার সাহস, গোল করার ক্ষমতা এবং লড়াকু মানসিকতা তাকে দেশের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করে।
মাত্র ১৭ বছর বয়সে অ্যাটলেটিকো লিটো ক্লাবে যোগ দেন। এরপর ১৯ বছর বয়সে উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব নাসিওনালে সুযোগ পান। সেখানে যোগ দিয়েই লিগ শিরোপা জয়ের স্বাদ পান। একই বছর জাতীয় দলেও অভিষেক হয় তার।
অলিম্পিক থেকে বিশ্বকাপ
১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে উরুগুয়ে দলের সদস্য ছিলেন কাস্ত্রো। সেই আসরে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকের স্বর্ণপদক জেতে উরুগুয়ে। আন্তর্জাতিক পর্যায়ে সেটিই ছিল তার প্রথম বড় সাফল্য।
প্রথম বিশ্বকাপের অবিস্মরণীয় নায়ক
১৯৩০ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব পায় উরুগুয়ে। রাজধানী মন্টেভিডিওতেই অনুষ্ঠিত হয় পুরো আসর।
পেরুর বিপক্ষে উরুগুয়ের প্রথম ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন হেক্টর কাস্ত্রো। সেটিই ছিল বিশ্বকাপে উরুগুয়ের ইতিহাসের প্রথম গোল।
পরবর্তী ম্যাচে একাদশে জায়গা হারালেও সেমিফাইনালের আগে সতীর্থের চোটে আবার সুযোগ পান তিনি। আর সেই সুযোগই ইতিহাসে রূপ নেয়।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ে ৪-২ ব্যবধানে জয় পায়। ম্যাচের শেষ গোলটি করেন হেক্টর কাস্ত্রো। প্রথম বিশ্বকাপ ফাইনালের সেই গোল তাকে অমর করে রেখেছে ফুটবল ইতিহাসে।
মাঠের বাইরেও সাফল্য
১৯৩৬ সালে খেলোয়াড়ি জীবন শেষ করেন কাস্ত্রো। তবে ফুটবল থেকে দূরে যাননি। কোচ হিসেবে নাসিওনালকে একের পর এক সাফল্য এনে দেন। তার অধীনে ১৯৪০ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত টানা চারবার এবং ১৯৫২ সালে আরও একবার উরুগুয়ের লিগ শিরোপা জেতে ক্লাবটি।
খেলোয়াড় হিসেবে তিনি উরুগুয়ের প্রিমেরা ডিভিশনে ১৮১ ম্যাচে ১০৭ গোল করেছিলেন, যা দীর্ঘদিন দেশের অন্যতম সেরা রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে।
১৯৫৯ সালে উরুগুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেও অল্প সময়ের মধ্যেই পদত্যাগ করেন। ১৯৬০ সালের ১৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
অনুপ্রেরণার এক অনন্য প্রতীক
হেক্টর কাস্ত্রোর গল্প কেবল একটি ফুটবলারের সাফল্যের কাহিনি নয়। এটি প্রতিকূলতাকে জয় করার গল্প। একটি হাত হারিয়েও তিনি প্রমাণ করেছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার শরীরে নয়, তার মনোবলে।
বিশ্বকাপের শতবর্ষের পথে দাঁড়িয়েও হেক্টর কাস্ত্রোর নাম আজও উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। কারণ তিনি শিখিয়েছেন- স্বপ্ন সত্যি করতে শারীরিক সীমাবদ্ধতা কোনো প্রতিবন্ধকতা নয়, প্রয়োজন অদম্য সাহস, কঠোর পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা।
লেখক: ক্রীড়ালেখক